দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ও আগাম নির্বাচনের রোডম্যাপ তৈরিতে সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ মে) বিকেল ৫টা থেকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি দুই দফায় ২০ জন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠকে বসছেন।

প্রথম দফায় বিকেল ৫টায় ১১ জন রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। এ দফায় অংশ নেন—এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের খালেকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

দ্বিতীয় দফার বৈঠক সন্ধ্যা ৬টায় শুরু হয়, যেখানে ইসলামপন্থী ও সমমনা দলের ৯ নেতা অংশ নেন। তাদের মধ্যে রয়েছেন—ইসলামী চিন্তক মাওলানা সাদিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করীম, হেফাজতে ইসলামের মামুনুল হক ও আজিজুল হক ইসলামাবাদী, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, নেজামে ইসলাম পার্টির মুসা বিন ইজহার এবং ইসলামী ঐক্যজোটের সাখাওয়াত হোসাইন রাজী।

এর আগে শনিবার (২৪ মে) বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে এই সংলাপকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Walton Ads