চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক মুহাঈমেনুল ইসলাম সিফাত দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেকে ‘রাজনীতির জন্য অযোগ্য’ মনে করে দল থেকে পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

স্ট্যাটাসে সিফাত লেখেন, “বাংলাদেশের চলমান পরিস্থিতিতে কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নিজেকে উপযুক্ত মনে করছি না। এমতাবস্থায় সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি। বিগত দিনে কারো আচরণে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। আল্লাহ হাফেজ।”

সিফাতের এই ঘোষণা সামাজিক মাধ্যমে তাৎক্ষণিক আলোচনার জন্ম দেয়। অনেকে তার সিদ্ধান্তকে আত্মবিশ্লেষণের সাহসী পদক্ষেপ বলে আখ্যায়িত করেন। একজন মন্তব্যকারী, আম্মান শেখ লেখেন, “বর্তমান সময়ে এটি একটি প্রাসঙ্গিক সিদ্ধান্ত। তবে আপনি অযোগ্য ছিলেন, এটি আমি মানি না। আজকের রাজনীতি এমনভাবে প্রভাবিত হচ্ছে যাতে ভালো মানুষরা নিজেই সরে দাঁড়ায়।”

আরেকজন মন্তব্য করেন, “বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ ভাই।”

মুহাঈমেনুল ইসলাম সিফাত এনসিপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তিনি স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ও সংগঠনের কাজে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি শিক্ষকতা ও ব্যবসায় জড়িত।

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর মাধ্যমে সিফাত যেমন ব্যক্তিগত উপলব্ধির ইঙ্গিত দিয়েছেন, তেমনি দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়েও সমাজে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন—যোগ্য ও শিক্ষিত তরুণরা কেন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন?

Walton Ads