রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাল্টাপাল্টি মামলা করেছে। রোববার (১ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৯ মে) রংপুর নগরীর সেনপাড়ায় ‘দ্য স্কাইভিউ’ নামক বাড়িতে। এদিন রাতে জিএম কাদের সেখানে অবস্থানকালে হামলার ঘটনা ঘটে। জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী শুক্রবার (৩০ মে) রাতে কোতোয়ালি থানায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২২ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করেন। ওসি অভিযোগ গ্রহণ করলেও তাৎক্ষণিকভাবে মামলা রেকর্ড করেননি। তবে শনিবার তা রেকর্ড করা হয়।
আরিফ আলীর অভিযোগ, হামলাকারীরা পরিকল্পিতভাবে কাদেরকে হত্যার উদ্দেশ্যে জানালায় ইটপাটকেল ছুড়ে এবং মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় গুলিবর্ষণের অভিযোগও করেন তিনি।
পরদিন শনিবার এনসিপির রংপুর সংগঠক আলমগীর রহমান নয়ন পাল্টা মামলা করেন। এতে জিএম কাদের, জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৮০-৯০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। তিনি অভিযোগ করেন, গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাবার সময় জাপা নেতাদের নির্দেশে তাদের উপর হামলা চালানো হয় এবং চার কর্মী আহত হন।
ওসি আতাউর রহমান জানিয়েছেন, দুটি মামলাই রেকর্ড হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
