বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি এক টকশোতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “বিএনপি তো এনসিপির মামা না যে তাদের সব দাবি বাস্তবায়ন করবে। তারা যদি সত্যিই দেশের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে থাকে এবং জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে থাকে, তাহলে নির্বাচনে ২৯০টি আসনে জয়ী হয়ে নিজেরা এজেন্ডা বাস্তবায়ন করুক।”
রুমিন অভিযোগ করেন, এনসিপির বক্তব্য ও আচরণে মনে হয়, তারাই সব করেছে, তারাই আন্দোলনের মূল চালিকাশক্তি। “আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে ওরা যেভাবে কথা বলে, সেটা কোনো সম্মানজনক রাজনৈতিক আচরণ নয়,” মন্তব্য করেন তিনি।
তিনি প্রশ্ন তোলেন, “এনসিপির কি কোনো গঠনতন্ত্র আছে? তাদের আদর্শ কী? তারা আসলে কোন দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতি করছে, সেটা এখনও পরিষ্কার নয়।” রুমিন বলেন, “তাদের রাজনীতি বলতে যা বোঝা যায়, তা মূলত আওয়ামী লীগবিরোধিতার মধ্যেই সীমাবদ্ধ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর বিএনপিকে দিয়ে সব সংস্কার করানো—এই দুটোই তাদের মূল দাবি।”
তিনি বলেন, “এটা যেন মামাবাড়ির আবদার—সবকিছু বিএনপিকেই করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, তারা নিজেরা কী করবে? তাদের কোনও স্পষ্ট পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার রূপরেখা, নীতিমালা তো আমরা দেখিনি।”
রুমিন ফারহানা আরও বলেন, “প্রতিটি রাজনৈতিক দলের উচিত একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা—ক্ষমতায় এলে তারা কী করবে, কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু এনসিপির কাছ থেকে এখনো সেই পরিপক্বতা দেখতে পাইনি।”
তার বক্তব্যে বিএনপির পক্ষ থেকে এনসিপির একচেটিয়া ভূমিকা ও দাবি-দাওয়ার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে।