বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে চিকিৎসা শেষে রাজধানীর গুলশানের বাসায় ফিরেছেন। চোখের চিকিৎসা করে থাইল্যান্ড থেকে ফেরার পর হঠাৎ অসুস্থতা দেখা দেয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বিএনপি মিডিয়া সেল ও পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়ার অনুরোধ করা হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশানের বাসায় পৌঁছান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন সকালে মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানানো হয়, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন তিনি।
এর আগে, চোখের চিকিৎসা করিয়ে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর মির্জা ফখরুল আবারও অসুস্থ হয়ে পড়েন। তাকে মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি মিডিয়া সেলের শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান মির্জা ফখরুল। এরপর তিনি গুলশানে বৈঠকে অংশ নেন রাত ১১টা পর্যন্ত। বৈঠক শেষে অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ মির্জা ফখরুলকে হাসপাতালে নিয়ে যান। রাত ১টায় অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়।