জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেছে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, তবে মুক্তিযোদ্ধা এবং নিম্নআয়ের প্রার্থীদের জন্য ফরমের দাম রাখা হয়েছে ২ হাজার টাকা।

তিনি আরও বলেন, মনোনয়ন ফরম বিক্রি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, এবং ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে, তবে এটি কোনো নির্বাচনী জোট নয়, বরং রাজনৈতিক জোট হিসেবে কাজ করবে।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, মনোনয়ন আবেদন ফরম তিনটি উপায়ে সংগ্রহ করা যাবে—কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইনে, এবং দলীয় দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।

তিনি আরও বলেন, অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার সুবিধা রাখা হয়েছে, যাতে প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন।

 

Walton Ads