বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিকেলে তার গাড়ি হাসপাতালের ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে।
একদিন আগেই দেশে ফেরেন জুবাইদা রহমান
শুক্রবার বেলা পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের বিজি–৩০২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়ার পাশে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।
এরপর দুপুর আড়াইটায় ধানমন্ডিতে নিজের মায়ের বাসায় যান জুবাইদা। রাতে আবারও হাসপাতালে ফিরে আসেন তিনি।
এয়ার অ্যাম্বুলেন্স ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বিদেশ যাত্রা স্থগিত
চিকিৎসকরা জানান, গত ২৩ নভেম্বর রাত থেকে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিদেশ নেওয়ার প্রস্তুতি থাকলেও তা আটকে যায় টেকনিক্যাল সমস্যার কারণে।
কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে সেটি আসতে পারেনি। পাশাপাশি মেডিকেল বোর্ডও সিদ্ধান্ত দেয়—এ মুহূর্তে তাকে বিমান ভ্রমণে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে বিদেশে নেওয়ার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে।
তারেক রহমানের তদারকি
ডা. জাহিদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। সব সিদ্ধান্তে চিকিৎসকদের মতামতই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।