স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, জন্মবার্ষিকীর দিন আগামী সোমবার সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন।
তিনি আরও বলেন, এ কর্মসূচিতে দলের চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আলাদা কর্মসূচি নিয়েছে। ওই দিন ড্যাবের উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
বিএনপির দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী মঙ্গলবার সকাল ১১টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।
রুহুল কবির রিজভী জানান, ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।
এছাড়া দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং ১৯ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
