নির্বাচন কমিশনের ওপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন সুন্দরভাবে পরিচালনা করতে পারবে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা প্রতি বছর এভাবে স্মরণ করি কারণ তিনি যে পথ দেখিয়েছেন, সেই পথ ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আজ আরও দৃঢ় শপথ নিয়েছি।

ফখরুল আরও বলেন, ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া—এসবের জন্য আমরা আজ এখানে শপথ নিয়েছি। বিএনপি ও তার সব অঙ্গ-সংগঠন শহীদ জিয়ার আদর্শকে বাস্তবে রূপ দেবে।

কয়েকজনের মনোনয়ন বাতিল, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক—এসব নিয়ে দলের অবস্থান জানতে চাইলে ফখরুল বলেন, নির্বাচন কমিশনের বাছাইয়ের সময় এমন কিছু সমস্যা হয়ই, এটা নতুন কিছু না। আমরা দেখছি কমিশন মোটামুটি যোগ্যতার সঙ্গে কাজ করছে। গতকাল আমরা যে দু-একটা সমস্যার কথা তুলে ধরেছি, সেগুলো নিয়ে কথা বলেছি। আমাদের বিশ্বাস, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই নির্বাচন সম্পন্ন করবে।
জামায়াতের আমিরের জন্য বিএনপির চেয়ারম্যানের মতো নিরাপত্তা দেওয়ার বিষয় উঠলে ফখরুল বলেন, এটা তাদের ব্যাপার। আমাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

Walton Ads