বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে দেশজুড়ে বড় বড় উন্নয়নের ঘোষণা দিয়েছেন। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ, মেট্রোরেলের বদলে মনোরেল চালু—এসব পরিকল্পনা তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন ঢাকার মানুষও খাল খননের দরকার বুঝতে পারছে। কারণ একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা, পরিবেশের সমস্যা বেড়ে গেছে।

ঢাকার সবুজায়ন কমে যাওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ১৭ বছর আগে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছিল। ফিরে এসে মনে হয়েছে আগের চেয়ে সবুজ অনেক কমে গেছে। ঢাকা শুকনো হয়ে গেছে। ক্ষমতায় গেলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করতে চান তারা। প্রত্যেক উপজেলায় সরকারি-বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়িয়ে পরিবেশবান্ধব বনায়নের পরিকল্পনা চলছে।

দেশে অনেকদিন পর ফিরে এসে বাইরে থেকে যা শুনেছিলেন, এসে দেখছেন ভিন্ন। রাজনীতিতে বিরোধীদের সমালোচনা স্বাভাবিক, কিন্তু এবার সেই চর্চা বদলাতে হবে। সংকট সমাধানে কথা বলতে হবে, কাজ করতে হবে।
ট্রাফিক সমস্যা নিয়ে তিনি বলেন, পাবলিক ট্রান্সপোর্ট উন্নত করলে যানজট অনেক কমবে। মেট্রোরেল অনেক খরচের, তার বদলে মনোরেল ব্যবস্থা চালু করা যায়। বনানী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করলে ট্রাফিকের সমস্যা সমাধান সম্ভব।

ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলার কথা বলে তারেক রহমান জানান, ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসতে চান তারা। অন্য পেশার মতো পেশাদার ফুটবলার তৈরি করা হবে। এজন্য শিক্ষাব্যবস্থা বদলাতে হবে। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার ওপর বিশেষ নজর দেওয়া হবে। আরও একটা তৃতীয় ভাষা শেখানো হবে।

প্রতিটি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে কোনো না কোনো খেলার সঙ্গে যুক্ত থাকতে হবে—এমন পরিকল্পনা আছে বিএনপির। একইভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বাধ্যতামূলক অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

 

news