বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না—জামায়াত হোক বা অন্য কোনো দল। এমন কড়া বক্তব্য দিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তার দাবি, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম আর ত্যাগের মধ্য দিয়েই বিএনপি আজ এই অবস্থানে পৌঁছেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনি গণসংযোগ চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জামায়াতের এক প্রার্থীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, ঢাকার মতো গুরুত্বপূর্ণ আসনের একজন প্রার্থীর কাছ থেকে এমন বক্তব্য খুবই দুঃখজনক। তার মতে, এসব কথা এখন সাধারণ মানুষের কাছে হাস্যরসে পরিণত হয়েছে এবং মূলত নেতাকর্মীদের চাঙা রাখতেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তারা রাজপথে সক্রিয় ছিলেন না। অভিযোগ করে তিনি জানান, ৫ আগস্টের পর থেকেই হঠাৎ করে তারা প্রকাশ্যে আসতে শুরু করেছে। অতীতে তাদের আন্দোলন কার্যক্রম ছিল সীমিত এবং অনেকটাই গোপনধর্মী—এমন মন্তব্যও করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, বিএনপি প্রকাশ্যে রাজপথে আন্দোলন করেছে, রক্ত দিয়েছে এবং গুলির মুখে দাঁড়িয়ে সংগ্রাম চালিয়ে গেছে। বিপরীতে জামায়াতের প্রার্থীরা যদি ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনে অংশ নেন, তাহলে তারা জামানত হারানোর ঝুঁকিতেই পড়বেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াত যদি ভিন্ন কোনো রাজনৈতিক পরিকল্পনা করে, তাহলে নির্বাচনের অনেক আগেই তাদের ঢাকায় রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে উপস্থিত ছিলেন।

 

news