মনিরুল ইসলাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার, ২৪ জানুয়ারি রাতে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। বিমানযোগে ভ্রমণ করবেন। পরের দিন, রোববার ২৫ জানুয়ারি, তিনি একদিনে ৭টি রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের হোটেল রেডিসনে তরুণদের সঙ্গে "পলিসি ডায়ালগ" মতবিনিময় সভা করবেন তারেক রহমান। বেলা ১১টায় পলোগ্রাউন্ড ময়দানে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে।
এরপর তিনি ফেনীর পাইলট কলেজ ময়দান, কুমিল্লার চৌদ্দগ্রাম, কুমিল্লার সুয়াগাজী, কুমিল্লার দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে সমাবেশ করবেন।
এর আগে গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। টানা ১৬ ঘণ্টায় ৭টি সমাবেশ শেষ করে গভীর রাতে ঢাকায় ফেরেন তিনি। প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হয় সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে দুপুর সাড়ে ১২টায়।
এরপর তিনি পর্যায়ক্রমে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর খেলা মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। গভীর রাতে নরসিংদী ও রূপগঞ্জের সমাবেশও সম্পন্ন করেন।
সব সমাবেশেই নেতা-কর্মী ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
