জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন তারেক রহমান। পরে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনসহ রংপুর জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। পরদিন তাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক। তার মৃত্যুর পরই ছাত্র-জনতার আন্দোলন আরও জোরদার হয় এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে।