আজ শনিবার নির্বাচনি প্রচারে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দুপুর দুইটার দিকে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় অবস্থিত বিসিক শিল্প পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন। এই মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে।

এই কর্মসূচি ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ইতিমধ্যেই জনসভাস্থল পরিদর্শন করেছেন।

সিরাজগঞ্জের ছয়টি আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, "তারেক রহমানের জনসভা সফল করতে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ চলছে। আমরা আশা করছি, সমাবেশে রেকর্ড সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম হবে।"

সিরাজগঞ্জের জনসভা শেষে তার পরের গন্তব্য টাঙ্গাইল। শনিবার বিকাল চারটায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত আরেকটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সরাসরি দেখার অপেক্ষায় আছেন টাঙ্গাইলের বিএনপির নেতাকর্মীরা। দলীয় সূত্র জানিয়েছে, টাঙ্গাইল জেলায় এটিই হবে তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা।

তারেক রহমানের এই সফরকে সামনে রেখে টাঙ্গাইল জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জনসভাস্থল চূড়ান্ত ও একাধিকবার পরিদর্শনের পাশাপাশি নেতাকর্মীদের দিকনির্দেশনায় সার্বিক তত্ত্বাবধান করছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশস্থলে শতাধিক মাইক, বড় আকারের মঞ্চসহ বিশাল আয়োজন করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে একটি বিশেষ প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

 

Walton Ads