ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সরাসরি মাঠে নেমেছেন মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি। গণসংযোগের পাশাপাশি ভোটারদের হাতে হাতে লিফলেট পৌঁছে দিতে দেখা যায় তাকে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শাহাজাদপুরের সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন শর্মিলা রহমান। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি বিএনপির বার্তা তুলে ধরেন।

কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে শাহাজাদপুর ও গুলশান ডিএনসিসি মার্কেট এলাকাতেও লিফলেট বিতরণ করেন শর্মিলা রহমান।

এদিকে একই দিন সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। বিকেল ৩টার দিকে স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি জনসভা মঞ্চে উপস্থিত হলে লাখো নেতা-কর্মীর করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

প্রায় ২০ বছর পর প্রিয় নেতাকে সামনে পেয়ে সিরাজগঞ্জ ও পাবনার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। জনসভা থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। তিনি বলেন, দেশ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা গেলেই জনগণের প্রকৃত অধিকার নিশ্চিত হবে।

 

Walton Ads