বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস সোমবার সাংবাদিকদের সামনে খোলাখুলি প্রশ্ন তুলেছেন—যাদের এলাকায় কোনো জনসম্পৃক্ততা নেই, কখনো নির্বাচন করেনি, এলাকায় পরিচিতও নয়, উন্নয়নের কোনো কাজে জড়িত ছিল না—তারা কীভাবে এত আত্মবিশ্বাস নিয়ে বলে দেয় যে নিশ্চিত জিতবে!
তিনি বলেন, “আমি ১৯৭৭ সাল থেকে এই এলাকায় নির্বাচন করে আসছি। নির্বাচনের আগে কখনো নিশ্চিত করে বলতে পারিনি যে আমি জিতব। এখনো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়েও বলতে পারব না নিশ্চিত জয়ী হব। অথচ যারা কখনো নির্বাচনই করেনি, তারা কীভাবে এত নিশ্চিত?”
এই কথাগুলো তিনি আজ সোমবার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন।
বিকেলে তিনি শাহজাহানপুর ইনকামট্যাক্স কলোনি ও আশপাশের মার্কেট এলাকায় ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন। রাতে শাহজাহানপুর জাহাজ বিল্ডিং রোড এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করার কথা রয়েছে।
মির্জা আব্বাস আরও বলেন, “যাদের জয়ের কোনো সম্ভাবনাই নেই, তারা নাকি জিতেই আছে! এতে আমি সন্দিহান। তারা হয় নির্বাচনে কারচুপি করবে, নয়তো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করছে।”
সম্প্রতি জামায়াত আমিরের নারীদের নিয়ে বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “উনি আগেও বেফাঁস মন্তব্য করেছেন। উনি অভিজ্ঞ ও বিজ্ঞ লোক। বেসিক্যালি উনি জাসদ করতেন।
তিনিসহ সিনিয়র তিনজন অন্য দল থেকে জামায়াতে এসেছেন। জামায়াতে এসে এমন ভাবসাব যে, কিছু না বললে মানুষ বুঝবে কীভাবে তারা জামায়াত করে। তাই নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করার সাহস পান।”
তিনি যোগ করেন, “যদিও তারা বলছে আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি এত দ্রুত ফেরত পাওয়া যায়—আমি জানতাম না!”
এই মন্তব্যে নির্বাচনী ময়দানে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সবাই এখন দেখছে, এই অভিযোগের পরিণতি কী হয়!