বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে 'ভাই' বলে ডেকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে তার ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন বার্তা পাঠান ।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী তার বার্তার শুরুতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।" এরপর তিনি বাংলাদেশের এই জয়কে 'বিপুল জয়' হিসেবে আখ্যা দিয়ে লিখেছেন, "বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন" ।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটে মমতার এই 'তারেক ভাই' সম্বোধন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি তার বার্তার শেষ অংশে বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক কামনা করে লেখেন, "আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি" ।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিএনপির এই জয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, "এই জয় বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে" ।

বিএনপির এই বিপুল জয়ের পর দলটি সরকার গঠনের পথে রয়েছে এবং তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে ।

 

Walton Ads