ঢাকা-৮ আসনে নাটকীয় লড়াই শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মির্জা আব্বাস। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সমর্থিত এনসিপির প্রার্থী (শাপলা কলি) নাসীরুদ্দীন পাটওয়ারী-কে ৫ হাজার ২৩৯ ভোটে পরাজিত করেছেন।

শুক্রবার ভোররাত পৌনে ৪টায় ফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি জানান, এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থী মির্জা আব্বাস ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। এর সঙ্গে পোস্টাল ভোট হিসেবে যুক্ত হয়েছে আরও ২ হাজার ৮১৪টি ভোট। সব মিলিয়ে তার মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬।

অন্যদিকে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। পোস্টাল ভোটে তিনি পান ২ হাজার ৫৫৫টি ভোট। সব মিলিয়ে তার মোট ভোট হয় ৫৪ হাজার ১২৭। ফলে দুই প্রার্থীর ব্যবধান দাঁড়ায় ৫ হাজার ২৩৯ ভোট—যা শেষ পর্যন্ত জয়ের হাসি এনে দেয় মির্জা আব্বাসের মুখে।

এই আসনের অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেফায়েত উল্লা (হাতপাখা প্রতীক) পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট। আর গণঅধিকার পরিষদ-এর ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা আলম পেয়েছেন ৬০৮ ভোট।

ঢাকা-৮ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয়েছে ২ হাজার ৮১৭টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৬৭।

পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ১২ জন। বাতিল হয়েছে ৩২০টি পোস্টাল ভোট।

হাড্ডাহাড্ডি এই লড়াই ঘিরে পুরো নির্বাচনী এলাকা জুড়েই ছিল উত্তেজনা। শেষ পর্যন্ত ৫ হাজারের ব্যবধানে জয় তুলে নিয়ে ঢাকার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করলেন মির্জা আব্বাস।

 

Walton Ads