ঢাকা: নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী-কে শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে কথা বলে তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান তারেক রহমান। বিষয়টি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।
প্রসঙ্গত, আগামীকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নতুন সরকারের যাত্রা শুরুর এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতার উপস্থিতি গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, আজ সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
শপথ অনুষ্ঠানের আগের এই ধারাবাহিক যোগাযোগ ও আমন্ত্রণকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন বিশ্লেষকরা। এখন নজর—দক্ষিণ প্লাজার সেই ঐতিহাসিক মঞ্চে কারা কারা উপস্থিত থাকছেন।
