বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না, বরং বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে পুরোপুরি বিশ্বাসী—এমনটাই বললেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নরসিংদী জেলার পাঁচটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

ড. মঈন খান বলেন, বিএনপি সবসময় স্বাধীনতার পক্ষে কাজ করেছে। ১৯৭১ সালের সেই কালো রাতে পাক হানাদার বাহিনী যখন নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন প্রতিবাদের ঝাণ্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই আদর্শে, বহুদলীয় গণতন্ত্রে এবং পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী। সেই বিশ্বাস নিয়েই আমরা সামনে এগিয়ে যাব।

আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় অফিস খুলছে এবং গণহত্যাকারীরা দেশে ফিরছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একদলীয় বাকশাল শাসনে বিশ্বাস করে না। আওয়ামী লীগ যেমন জগদ্দল পাথরের মতো বাংলাদেশের ওপর চাপিয়ে দিয়েছিল, আমরা তা করি না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই—বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। আমরা আইনের শাসনে বিশ্বাসী।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা টেনে ড. মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। ৫ আগস্ট ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে, তার ধারাবাহিকতায় আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব।

শ্রদ্ধা নিবেদনের সময় প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। বলেন, স্বাধীনতার ঝাণ্ডা যিনি উঁচু করে তুলেছেন, সেই তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের আওয়ামী স্বৈরশাসনের পর মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে যোগ দিয়েছি।

নরসিংদীর রাজনৈতিক ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বলেন, ব্রিটিশবিরোধী ‘অনুশীলন’ আন্দোলনের জন্ম হয়েছিল নরসিংদীতে। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে নরসিংদীর মানুষ যুদ্ধ করেছিল। আজ সেই নরসিংদীর মানুষ বিএনপির পাঁচজন সেবককে প্রতিনিধি করে জাতীয় সংসদে পাঠিয়েছে।
শ্রদ্ধা নিবেদনের সময় ড. আবদুল মঈন খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনের এমপি ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং নরসিংদী-৫ আসনের এমপি আশরাফ উদ্দিন।

 

news