ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পরও জাতীয় দলে জায়গা না পেয়ে হতাশ প্রকাশ করেছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। এমনকি জাতীয় দলে খেলার সুযোগ না পেলে ক্রিকেটই ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার (২৩ জুন) চট্টগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোহান বলেন, “কয়েক বছর ধরেই ৫০ ওভারের ক্রিকেটে ভালো পারফর্ম করছি। ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকভাবে ভালো খেলছি। শেষবার যখন ওয়ানডে খেলেছিলাম, পারফরম্যান্স খারাপ ছিল না। যদি নিয়মিত সুযোগ পেতাম, হয়তো আমার ক্যারিয়ার এখন অন্য জায়গায় থাকত।”
জাতীয় দলে জায়গা না পাওয়ায় আক্ষেপের সুরে তিনি আরও বলেন, “অবশ্যই আক্ষেপ আছে। হয়তো কিছু সুযোগ ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। তবে জাতীয় দলে খেলার স্বপ্ন এবং আশাটাই তো সবচেয়ে বড় অনুপ্রেরণা। যখন সেই স্বপ্ন আর থাকবে না, তখন ক্রিকেট খেলাও কঠিন হয়ে যাবে।”
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ পারফর্ম করেছেন সোহান। ধানমন্ডি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে গিয়ে করেছেন ৫১২ রান, যার মধ্যে ছিল দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। আগের মৌসুমেও তার ব্যাট থেকে এসেছিল ৪৯৫ রান।
এমন ফর্মের পুরস্কার হিসেবে বাংলাদেশ ‘এ’ দলে ডাক পান সোহান। সেখানেও নিজেকে প্রমাণ করেছেন। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি ওয়ানডে ও একটি টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি।
তবে এতকিছু সত্ত্বেও শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে জায়গা না পাওয়ায় হতাশ সোহান। ভক্তদের অনেকেই সামাজিক মাধ্যমে বিসিবির নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলছেন।
