আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মাত্র ১৩ ওভার ৩ বলেই ১১৭ রানের সহজ লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।

মঙ্গলবার (০২ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাটিং বেছে নেয় আয়ারল্যান্ড। কিন্তু স্বাগতিক বোলারদের দুর্দান্ত ঘূর্ণি–গতি আক্রমণে থেমে যায় তাদের রানের চাকা। পুরো দল মিলে করতে পারে মাত্র ১১৭ রান।

বাংলাদেশের আজকের জয়ের নায়ক দুই বোলার— মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
মোস্তাফিজ ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট, আর লেগ-স্পিনার রিশাদ ৪ ওভারে ২১ রান দিয়ে শিকার করেন আরও ৩ উইকেট।

টস জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা ভালো হলেও সেটি টিকেনি বেশিক্ষণ। আগের দুই ম্যাচের মতো উড়তে পারেনি তারা। চতুর্থ ওভারে ১০ বলে ১৭ রান করে বোল্ড হন টিম টেক্টর।

তার বড় ভাই হ্যারি টেক্টরও বেশি দূর যেতে পারেননি। মাত্র ৬ বলে ৫ রান করে মোস্তাফিজের বলে দুর্ভাগ্যজনকভাবে আউট হন। প্রথম বল ঠেকাতে গিয়ে তা বাউন্স করে লেগে হাতের স্টাম্পে লাগে। এরপর লোরকান টাকার ও কার্টিস ক্যাম্পারও ব্যর্থতার খাতায় নাম লেখান। টাকার ফিরেন শেখ মেহেদীর বলে, আর ক্যাম্পারকে গুগলি দিয়ে বোল্ড করেন রিশাদ।

৬৬ রানে ৪ উইকেট হারিয়ে আইরিশরা পড়ে যায় চাপে।

দলের ভরসা ছিলেন অধিনায়ক পল স্টার্লিং। শুরুটা ভালো করলেও বড় করতে পারেননি ইনিংস। ২৭ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৮ রান করে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

রিশাদের শেষ ওভারেও সাফল্য— তুলে নেন গ্যারেথ ডেলানিকে। এরপর ১৮তম ওভারে মোস্তাফিজ পরপর আউট করেন মার্ক অ্যাডাইয়ার ও ম্যাথু হ্যামফ্রিস। ইনিংসের শেষ ওভারে বেন হোয়াইটকে আউট করে আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন মোহাম্মদ সাইফুদ্দিন।

এই ম্যাচে পাঁচটি ক্যাচ ধরে রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথ সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এটি।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে লিটন দাস ও সাইফ হোসেন দ্রুত আউট হলেও আর কোনও বিপদ হয়নি। তানজিদ তামিম ছিলেন অপ্রতিরোধ্য; অপরাজিত ৫৫ রানে দলের জয় নিশ্চিত করেন তিনি। পারভেজ হোসেন ইমন দেন ৩৩ রানের মূল্যবান সহায়তা।

বাংলাদেশের দাপুটে ব্যাট–বোলিংয়ে তাই সহজেই উড়ে গেল আয়ারল্যান্ড, সিরিজও উঠল টাইগারদের দখলে।

 

news