ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। নিলামের এই তালিকায় বিশ্বের তারকা ক্রিকেটারদের সঙ্গে জ্বলজ্বল করছে এই দুই টাইগার তারকার নাম।

মোস্তাফিজের সর্বোচ্চ ভিত্তিমূল্য: আইপিএলের নিলামে বিদেশি ক্রিকেটারদের জন্য যে সর্বোচ্চ ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে, সেই ক্যাটাগরিতেই স্থান পেয়েছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি ভারতীয় রুপি।

সাকিবের ভিত্তিমূল্য কত? তবে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন ভিন্ন একটি ক্যাটাগরিতে। তার ভিত্তিমূল্য রাখা হয়েছে এক কোটি ভারতীয় রুপি।

কোথায় ও কবে নিলাম? আসন্ন আইপিএলের এই মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে। ১৩ পৃষ্ঠার লম্বা এই তালিকায় মোট ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটারের নাম রয়েছে।

যে তারকারা থাকছেন তালিকায়: তবে মনে রাখা জরুরি, কেবল যেসব ক্রিকেটারের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ আছে, তাদের নামই নিলামে ডাকা হবে। সাকিব ও মোস্তাফিজ ছাড়াও এই নিলামের তালিকায় আছেন বিশ্বের একাধিক বড় তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, আনরিখ নর্খিয়া, পাথিরানা, মাহিশ থিকশানা এবং হাসারাঙ্গার মতো ক্রিকেটাররা।

 

news