ক্রিকেটের ইতিহাসে অবিশ্বাস্য এক অধ্যায় যোগ হলো পাকিস্তানে। প্রথম শ্রেণি ক্রিকেটের ২৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেছে পাকিস্তানের প্রেসিডেন্টস ট্রফিতে। ইতিহাসের সবচেয়ে কম রানের লক্ষ্য রক্ষা করে ম্যাচ জয়ের নজির গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়েও তারা জিতেছে ২ রানে!
শনিবার করাচিতে সুই নর্দার্নের বিপক্ষে চার দিনের ম্যাচের তৃতীয় দিন এই বিশ্বরেকর্ড গড়ে পিটিভি। ম্যাচটিতে সুই নর্দার্নের অধিনায়ক ছিলেন পাকিস্তানের টেস্ট দলের বর্তমান অধিনায়ক শান মাসুদ।
এতদিন প্রথম শ্রেণি ক্রিকেটে সবচেয়ে কম রানের লক্ষ্য রক্ষা করে জয়ের রেকর্ডটি ছিল প্রায় আড়াইশ বছর আগের। ১৭৯৪ সালে লর্ডসের পুরোনো মাঠে এমসিসির বিপক্ষে ৪১ রানের লক্ষ্য দিয়ে ৬ রানে জিতেছিল ওল্ডফিল্ড।
নতুন রেকর্ড গড়ার ম্যাচে ৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সুই নর্দার্ন গুটিয়ে যায় মাত্র ৩৭ রানে। ১৯ ওভার ৪ বলেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। বাঁহাতি স্পিনার আলী উসমান একাই নেন ৬ উইকেট। তাকে দারুণভাবে সহায়তা করেন ডানহাতি ফাস্ট বোলার আহমেদ বাট, যিনি নেন বাকি ৪ উইকেট। এই দুই বোলার ছাড়া ইনিংসে আর কেউ বোলিংই করেননি।
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে পিটিভি অলআউট হয় ১৬৬ রানে। জবাবে সুই নর্দার্ন ২৩৮ রান করে ৭২ রানের লিড নেয়। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় পিটিভি। তবে শেষ ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে সব হিসাব উল্টে দিয়ে ইতিহাস গড়ে ফেলে তারা।
