বার্সেলোনা: বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা ১৭ বছরের প্রতিভাবান মিডফিল্ডার গুইয়ে ফার্নান্দেজকে দলে ভেড়াতে পুরোপুরি মরিয়া হয়ে উঠেছে প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের খবর অনুযায়ী, নিউক্যাসল এই তরুণকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখছে এবং তাদের প্রকল্পের খুব গুরুত্বপূর্ণ অংশ বানাতে চায়।

এই খবরটা এমন একটা সময়ে এসেছে যখন গোড়ালির চোট কাটিয়ে ফিরে আসার পর গুইয়ে বার্সেলোনায় নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। চোট থেকে ফেরার পরও তিনি প্রত্যাশিতভাবে প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি। চলতি মৌসুমে মাত্র দুবার শুরুর একাদশে সুযোগ পেয়েছেন তিনি। এতে তার স্বল্পমেয়াদি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, আর এটাই ইউরোপের কয়েকটা ক্লাবের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

মৌসুমের শুরুটা ছিল একদম অন্যরকম। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রি-সিজনে প্রথম দলের সঙ্গে পুরোটা সময় কাটিয়েছেন গুইয়ে। এমনকি এশিয়া সফরের সময় বার্সেলোনার হয়ে সিনিয়র দলে অভিষেকও হয় তার। তখন তাকে প্রথম দলের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হওয়ার সবচেয়ে কাছাকাছি থাকা তরুণদের একজন বলে মনে করা হচ্ছিল।

কিন্তু সাম্প্রতিক কয়েক সপ্তাহে ম্যাচের সুযোগ কমে যাওয়ায় বাইরের ক্লাবগুলো চোখ রাখছে তার ওপর। বরুশিয়া ডর্টমুন্ডসহ আরও কয়েকটা ক্লাব তাকে ধারে বা স্থায়ীভাবে নেওয়ার চেষ্টা করছে। তবে সবচেয়ে ধারাবাহিক আর জোরালো আগ্রহ দেখাচ্ছে নিউক্যাসল। ক্লাবটি একাধিকবার বার্সেলোনার কাছে গুইয়ের ব্যাপারে খোঁজ নিয়েছে, যা তাদের স্পষ্ট আগ্রহের প্রমাণ।

তবে বার্সেলোনা খুব স্পষ্ট করে বলে দিয়েছে—এই মুহূর্তে গুইয়ে ফার্নান্দেজ বিক্রির জন্য নয়। ক্লাব কর্তৃপক্ষ সরাসরি খেলোয়াড়কে আশ্বস্ত করেছে যে তার উন্নয়নে পূর্ণ আস্থা রয়েছে এবং ভবিষ্যতে সে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

 

news