টেনিস কোর্টে অবিশ্বাস্য এক পারফরম্যান্স উপহার দিলেন কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তিনি হারিয়ে দিলেন ২৪ বার গ্র্যান্ড স্ল্যাম জেতা কিংবদন্তি নোভাক জকোভিচকে।

রোববার (১ ফেব্রুয়ারি) বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের এই চূড়ান্ত ম্যাচে প্রথম সেট ৬-২ গেমে জিতে নেন জকোভিচ। কিন্তু পরের সেটেও একই ব্যবধান ৬-২ গেমে জিতে সমতা ফিরিয়ে আনেন আলকারাজ।

তৃতীয় সেট জেতেন ৬-৩ গেমে। তবে চতুর্থ সেট জিততে তাকে রীতিমতো রীতিমতো লড়াই করতে হয়েছে। শেষ পর্যন্ত ৭-৫ গেমে জিতে পুরো ম্যাচের জয় নিশ্চিত করেন র্যাংকিংয়ে শীর্ষে থাকা এই তারকা।

এই জয়ের মাধ্যমে মাত্র ২২ বছর বয়সেই 'ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম' জয়ের বিরল সম্মান পেলেন আলকারাজ। বছরের চারটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট (অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন)-এর প্রতিটিতে কমপক্ষে একবার জিতলে তাকে 'ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম' বলা হয়।

আলকারাজের আগে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন মোট ১৮ জন খেলোয়াড়। এর মধ্যে ৮ জন পুরুষ ও ১০ জন নারী। তবে তার চেয়ে কম বয়সে কোনো পুরুষ খেলোয়াড়ই এই কীর্তি গড়তে পারেননি।

এই জয়ে ডন বাজের ৮৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন আলকারাজ। ১৯৩৮ সালে ফরাসি ওপেন জিতে 'ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম' পূরণের সময় মার্কিন খেলোয়াড় ডন বাজের বয়স ছিল ২২ বছর ৩৬৩ দিন।

৩৮ বছর বয়সী জকোভিচ এই কৃতিত্ব অর্জন করেছিলেন ২৯ বছর বয়সে। রজার ফেদেরার ২৭ বছর বয়সে এবং রাফায়েল নাদাল ২৪ বছর বয়সে। টেনিসের 'ওপেন এরা' শুরুর পর আলকারাজের আগে সবচেয়ে কম বয়সে এটি অর্জন করেছিলেন তারই সহদেশি নাদাল।

ফরাসি ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন— এই তিনটি গ্র্যান্ড স্ল্যামই আলকারাজ আগে দুবার করে জিতেছেন। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে তিনি কখনও কোয়ার্টার-ফাইনালও পার হতে পারেননি। এবার প্রথমবার ফাইনালে উঠেই উঁচিয়ে ধরলেন শিরোপা।

মেলবোর্নে এর আগে ১০ বার ফাইনালে খেলে প্রতিবারই শিরোপা জিতেছিলেন জকোভিচ। এখানে তার ১১তম ফাইনালে এসে প্রথমবারের মতো হারের তেতো স্বাদ পেলেন পুরুষদের এককে রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান সুপারস্টার।

 

news