৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ২৫তম শীতকালীন অলিম্পিক গেমসের পর্দা উঠছে। ইতালির মিলান ও কোর্তিনা দ’আম্পেজো—এই দুই শহরকে কেন্দ্র করে চলবে এবারের আসর।
দুটি শহরে একযোগে মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হবে অলিম্পিকের আনুষ্ঠানিকতা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান ভেন্যু মিলানের ঐতিহাসিক সান সিরো স্টেডিয়াম। একই সময়ে কোর্তিনা দ’আম্পেজোর অলিম্পিক আইস স্টেডিয়ামেও চলবে উদযাপন। বড় পর্দায় দুই শহরের অনুষ্ঠান একে অপরের জন্য সরাসরি সম্প্রচার করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী মারাইয়া কেরি, আন্দ্রেয়া বোচেল্লি ও লরা পাউসিনি। উপস্থিত থাকবেন অভিনেতা পিয়েরফ্রানচেস্কো ফাভিনো, সাব্রিনা ইমপাচিয়াতোরে এবং ইতালিয়ান র্যাপার ঘালি। অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
এবারের শীতকালীন অলিম্পিকে ৯০টি দেশের প্রায় ২ হাজার ৯শ অ্যাথলেট অংশ নিচ্ছেন। এর মধ্যে নারী অ্যাথলেটের অংশগ্রহণ ৪৭ শতাংশ। ৮টি খেলায় ১৬টি ডিসিপ্লিনে মোট ১১৬টি মেডেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।
মিলানে অনুষ্ঠিত হবে আইস হকি, ফিগার স্কেটিং, স্পিড স্কেটিং ও শর্ট ট্র্যাক। কোর্তিনা দ’আম্পেজোতে হবে নারী আলপাইন স্কিইং, লুজ, ববস্লে, স্কেলেটন ও কার্লিং। লিভিনিওতে ফ্রিস্টাইল স্কিইং ও স্নোবোর্ডিং, অ্যানথলৎসে বায়াথলন, বোরমিও ও ভ্যাল দি ফিয়েমেতে পুরুষ আলপাইন স্কিইং এবং স্কি মাউন্টেনিয়ারিংয়ের আসর বসবে।
এবারই প্রথম অলিম্পিকের সূচিতে যুক্ত হয়েছে স্কি মাউন্টেনিয়ারিং। এই ইভেন্টে অ্যাথলেটদের পাহাড় বেয়ে ওপরে উঠতে হবে, তারপর স্কি করে নিচে নামতে হবে।
২৫তম শীতকালীন অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের কিছু অ্যাথলেট নিরপেক্ষ পরিচয়ে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। তারা কোনো দলীয় ইভেন্টে খেলতে পারবেন না এবং নিজ দেশের পতাকা বা জাতীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না।
নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় ৬ হাজার পুলিশ ও নিরাপত্তা কর্মী। ডোপিং পরীক্ষা পরিচালনা করবে আন্তর্জাতিক টেস্টিং অথরিটি। দর্শকদের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০ ইউরো।
আইস হকি, ফিগার স্কেটিং, স্পিড স্কেটিং, ডাউনহিল স্কিইং ও স্নোবোর্ড হাফপাইপ—এই ইভেন্টগুলোই এবারের শীতকালীন অলিম্পিকের প্রধান আকর্ষণ। আগামী ২২ ফেব্রুয়ারি পর্দা নামবে এই বৈশ্বিক ক্রীড়া আসরের।
