স্পোর্টস ডেস্ক: আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সালমান আলী আগা ও বাবর আজমদের বিপক্ষে সিরিজ শুরুর আগে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সিরিজের আগে আয়োজন করা হতে পারে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এমন তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।
মার্চে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। তবে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিরিজটি শেষ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটেও হতে পারে। নির্ধারিত সিরিজ শেষ করে পাকিস্তানের ক্রিকেটাররা দেশে ফিরে যাবেন। এরপর পিএসএল শেষ হলে তারা আবারও বাংলাদেশ সফরে আসবেন। তখন দুই দল মুখোমুখি হবে দুটি টেস্ট ম্যাচে।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। ফলে জাতীয় দলের ক্রিকেটারদের সামনে তৈরি হয়েছে কিছুটা খেলার বিরতি। অনেকেই বর্তমানে ছুটিতে রয়েছেন। এই পরিস্থিতিতে পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের ম্যাচ প্রস্তুতিতে ফেরাতে ওয়ানডে ফরম্যাটে বিসিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি।
আগে পরিকল্পনা ছিল জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটার ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বিসিএল আয়োজন করা হবে। তবে সেই সূচি পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরিবর্তে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ওয়ানডে ফরম্যাটে বিসিএল মাঠে গড়াতে পারে।
বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মেদ কাওসার জানিয়েছেন, ফেব্রুয়ারিতে অ-২৩ ক্রিকেটারদের নিয়ে বিসিএল আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু ক্রিকেট অপারেশন্স বিভাগ চায় জাতীয় দলের ক্রিকেটাররা মাঠে ফিরুক। কারণ বিশ্বকাপে না যাওয়ায় বর্তমানে তাদের সামনে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই। মার্চে পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য ওয়ানডে সিরিজকে সামনে রেখেই এই পরিকল্পনা।
তিনি আরও বলেন, অ-২৩ বিসিএলের বদলে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে বিসিএল ওয়ানডে আয়োজনের দিকে এগোচ্ছে বোর্ড। অ-২৩ টুর্নামেন্টটি পরবর্তী উপযুক্ত সময়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিসিএলের প্রথম রাউন্ড শুরু হতে পারে ২২ অথবা ২৩ ফেব্রুয়ারি। আর ফাইনাল গড়াতে পারে মার্চের প্রথম সপ্তাহে। সম্ভাব্য ভেন্যু হিসেবে রয়েছে বগুড়া ও রাজশাহী। তবে ফাইনাল ম্যাচটি আয়োজন করা হতে পারে ঢাকার ঐতিহ্যবাহী শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।
সব মিলিয়ে পাকিস্তান সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে বিসিএলই হতে যাচ্ছে বাংলাদেশের বড় মঞ্চ। এখন দেখার বিষয়, এই পরিকল্পনা কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং পাকিস্তান সিরিজে তার প্রভাব কতটা পড়ে।
