ফুটবল দুনিয়ায় আবারও চমক দিলেন Cristiano Ronaldo। এবার তিনি শুধু তারকা খেলোয়াড় নন, ক্লাবের মালিকও! স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব UD Almería-র ২৫ শতাংশ অংশীদারত্ব কিনেছেন আল নাসরের এই পর্তুগিজ সুপারস্টার। আর তাতেই শুরু হয়েছে জোর আলোচনা—৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড কি তাহলে Al Nassr FC ছেড়ে আবার স্পেনে ফিরছেন?

আলমেরিয়া অবশ্য স্বপ্ন দেখতে শুরু করেছে। ক্লাবটির ম্যানেজার Joan Francesc Ferrer (রুবি) পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রোনালদো যদি চমক দেখিয়ে ফিরতে চান, তাহলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত পুরো ক্লাব।

রুবি বলেছেন,
“আমরা খুব খুশি। অবশ্যই, আমরা তাকে স্বাগত জানাই। এটা দারুণ খবর। তার মতো একজন, যে খেলা ও ফুটবল সম্পর্কে শতভাগ জ্ঞান রাখে, সে আমাদের মতো ক্লাবকে অনেক সাহায্য করতে পারে। পুরো ক্লাব ও শহরের জন্য এটা খুব রোমাঞ্চকর।”

তিনি আরও যোগ করেন,
“মালিকদের সঙ্গে ক্রিশ্চিয়ানোর ভালো সম্পর্ক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা সত্যিই আনন্দিত।”

এখানেই শেষ নয়। রোনালদোকে মাঠে নামার সরাসরি আমন্ত্রণও জানালেন রুবি। তার ভাষায়,
“সে যদি এখানে খেলে, সেটা হবে অসাধারণ। তবে সিদ্ধান্তটা তারই। এটা এখন তার ক্লাব। সে যদি খেলতে চায়, যে কোচই থাকুক না কেন, তাকে দুই হাত প্রসারিত করে স্বাগত জানানো হবে।”

ক্লাব প্রেসিডেন্ট Mohammed Al-Khereiji-ও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন,
“রোনালদো এই খেলার সেরাদের একজন হিসেবে স্বীকৃত। সে খুব ভালো স্প্যানিশ জানে এবং আমাদের দল ও অ্যাকাডেমির সম্ভাবনা বুঝতে পারে।”

তবে আলমেরিয়ার এই স্বপ্নের মাঝেও বাস্তবতা একটু আলাদা। রোনালদোর মনোযোগ এখনো আল নাসরেই। কয়েক দিন আগে ক্লাবের আর্থিক ও দলবদল পরিকল্পনা নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করলেও, তিনি স্পষ্ট করেছেন—তিনি সৌদি আরবেই থাকতে চান।

রোনালদোর কথায়,
“আমি খুব খুশি। অনেকবার বলেছি, আমি সৌদি আরবের। এই দেশ আমাকে, আমার পরিবার ও বন্ধুদের অসাধারণভাবে স্বাগত জানিয়েছে। আমি এখানেই খেলে যেতে চাই।”

জানিয়ে রাখা ভালো, আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। চুক্তি শেষ হওয়ার সময় তার বয়স হবে ৪২। তখন কি নিজের কেনা ক্লাব আলমেরিয়ায় মাঠে নামবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা? এখনই তার উত্তর নেই।

তবে এক বিষয় নিশ্চিত—মালিক হিসেবে হোক বা খেলোয়াড় হিসেবে, রোনালদো যেখানে থাকেন, সেখানেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।

 

news