পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের ড্রেসিংরুম থেকে মৃদু পায়ে বের হচ্ছেন ঋতুপর্ণা ও আফিদারা। মুখ গোমরা করে টিম বাসের দিকে হাঁটছেন। বাংলাদেশ থেকে আসা সাংবাদিকরা অনেকের প্রতিক্রিয়া নেয়ার চেষ্টা করলেও এড়িয়ে গেছেন। তবে মিডফিল্ডার মনিকা চাকমা মিনিট খানেক সময় দিয়েছেন।

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলেছে। গ্রুপ পর্বের তিন ম্যাচে ১১ গোল হজম করে বাংলাদেশের এশিয়ান কাপ মিশন শেষ হয়েছে। এশিয়া কাপ থেকে কী শিখল বাংলাদেশ? মনিকা বলেন, “অনেক কিছুই শিখেছি। আমরা উত্তর কোরিয়া, চীনের মতো দলের সাথে খেলেছি। ওরা সবাই আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। আমরা আমাদেরটা চেষ্টা করেছি, আর ওদের থেকে অনেক কিছু শিখেছি।”

এই শিক্ষা সামনের দিনগুলোতে কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন মনিকা। “এই ম্যাচের অভিজ্ঞতা অবশ্যই কাজে দেবে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। ওদের থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং সামনের টুর্নামেন্টগুলোতে তা কাজে লাগাতে পারব।”

উজবেকিস্তানের র‌্যাংকিং ৪৯ হলেও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করে জিতবে এমন প্রত্যাশা ছিল। এমন ম্যাচে ৪-০ গোলে হেরে হতাশা দেখা দিয়েছে। আজকের ম্যাচ নিয়ে মনিকা মন্তব্য করেন, “আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আর আমাদের যে খেলাটা খেলা উচিত ছিল, সেটাই খেলেছি।”

খেলোয়াড়রা অনেক ভুল পাস করেছেন, ডিফেন্সেও ভুল হয়েছে। এ নিয়ে মনিকা বলেন, “এটা গেম, এটা হয়। সব প্লেয়ারদেরই দুই-একটা মিস পাস হয়। এটা কোনো ব্যাপার না। আমরা আমাদের পাসিংগুলো ওভারকাম করার চেষ্টা করছি।”

অনেক সম্ভাবনার এশিয়া কাপ কোনো গোল ছাড়া শেষ করল বাংলাদেশ। ফুটবলার ও কোচিং স্টাফরা দ্রুত স্টেডিয়াম ছেড়ে টিম হোটেলে ফিরে যান যেন হাফ ছেড়ে বাঁচেন।

 

news