বার্সেলোনা ম্যাচে দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত জয় পেল না। তবে ম্যাচে ২-১ ব্যবধানে হারলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে দীর্ঘ ৯ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

গত সপ্তাহে নিজেদের মাঠে প্রথম লেগে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছিল দিয়েগো সিমিওনের দল। সেই এগিয়ে থাকা নিয়েই দ্বিতীয় লেগে মাঠে নামে তারা। অন্যদিকে বার্সেলোনা ঘরের মাঠে হারানো সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আক্রমণাত্মক শুরু করে ম্যাচ।

ম্যাচের শুরুতেই দারুণ গতি ছিল কাতালানদের। প্রথম ২৪ মিনিটের মধ্যেই লামিন ইয়ামাল ও ফেরান তোরেসের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বার্সেলোনা। কিন্তু সেই আনন্দ বেশি সময় টেকেনি।

প্রথমার্ধেই আদেমোলা লুকম্যানের গোলে ম্যাচে ফিরে আসে অ্যাতলেটিকো মাদ্রিদ। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে নেয় তারা।

ম্যাচের ৭৯ মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা। অ্যারিক গার্সিয়া প্রতিপক্ষ ফরোয়ার্ড আলেক্সান্ডার সরলথকে ফাউল করে গোলের সুযোগ নষ্ট করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে শেষ সময়ে ১০ জনের দলে পরিণত হয় কাতালানরা।

শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি বার্সেলোনা। ২-১ ব্যবধানে ম্যাচ হারলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে অ্যাতলেটিকো মাদ্রিদ।

অ্যাতলেটিকো সর্বশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল। অন্যদিকে বার্সেলোনা গত বছর ইন্টার মিলানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল।

এবার সেমিফাইনালে ২০১৪ ও ২০১৬ সালের ফাইনালিস্ট অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে আর্সেনাল অথবা স্পোর্টিং লিসবনের। লিসবনে হওয়া প্রথম লেগে আর্সেনাল ১-০ ব্যবধানে জয় পেয়েছিল। দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার ইংল্যান্ডে।

অন্যদিকে একই দিন অনুষ্ঠিত আরেক কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই।

 

news