মাত্র চার মাস আগে ক্লাবকে প্রথম এমএলএস কাপ জিতিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। কিন্তু সেই সাফল্যের রেশ না কাটতেই হঠাৎ পদত্যাগ করলেন জাভিয়ের মাসচেরানো—ইন্টার মায়ামি সিএফ-এর প্রধান কোচ।

মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘ব্যক্তিগত কিছু কারণে’ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এই কোচ। তার এই সিদ্ধান্তে ফুটবল মহলে তৈরি হয়েছে বড় চমক।

একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, গত শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্রয়ের পরই মাসচেরানো ক্লাব কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্ত জানান।

ক্লাব আরও জানায়, আসন্ন ম্যাচগুলোতে প্রথম দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন গুইলেরমো হোয়োস। একইসঙ্গে তিনি তার ক্রীড়া পরিচালকের পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন।

মাসচেরানো নিজের বিবৃতিতে বলেন,
“আমি সবাইকে জানাতে চাই, ব্যক্তিগত কিছু কারণে আমি ইন্টার মায়ামি সিএফ-এর প্রধান কোচ হিসেবে আমার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।”

লিওনেল মেসির সাবেক সতীর্থ মাসচেরানো আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনায় খেলেছেন। তিনি প্রায় দেড় বছর ইন্টার মায়ামির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি জেরার্ড টাটা মার্টিনোর স্থলাভিষিক্ত হন।

সাবেক আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ কোচ হিসেবে তিনি ক্লাবকে পৌঁছে দেন কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালে। এরপর ২০২৫ সালে নিজের প্রথম পূর্ণ মৌসুমেই এমএলএস কাপ জিতে ইতিহাস গড়েন।

চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে সাত ম্যাচ শেষে মায়ামি রয়েছে তৃতীয় স্থানে। তবে ন্যাশভিল এসসির কাছে হেরে তারা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নেয়।

নতুন স্টেডিয়াম উদ্বোধনের মাত্র দুই সপ্তাহ পার না হতেই এই বড় পরিবর্তন এলো ক্লাবে। নতুন মাঠে প্রথম দুই ম্যাচেই ড্র করেছে ইন্টার মায়ামি।

 

news