উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে বার্সেলোনা বিদায় নিলেও আলোচনার কেন্দ্রে রয়েছেন লামিনে ইয়ামাল। মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে তার দুর্দান্ত পারফরম্যান্স মুগ্ধ করেছে আর্সেনাল ও বার্সেলোনার কিংবদন্তি থিয়েরি অরি।
ইয়ামালের আত্মবিশ্বাস এবং খেলার ধরন দেখে অরি তাকে সরাসরি তুলনা করেছেন তরুণ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে।
সিবিএস স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অরি বলেন, “তরুণ ক্রিস্টিয়ানো রোনালদো ঠিক এমনটাই করত। সে সাক্ষাৎকারে বড় বড় কথা বলত এবং মাঠে নেমে সেটার প্রমাণ দিত। ইয়ামালও ম্যাচের আগে বলেছিল, সে একাই বার্সেলোনাকে টেনে নিয়ে যাবে, আর খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই গোল করে সেটা করে দেখিয়েছে।”
ইয়ামালের মানসিকতা নিয়ে আরও প্রশংসা করে অরি বলেন, এত কম বয়সে তার এই নির্ভীকতা সত্যিই অবাক করার মতো। তিনি বলেন, “সে কখনোই লুকিয়ে থাকে না, সবসময় বল চায় এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে পার্থক্য গড়ে দেয়—এটাই একজন বিশেষ খেলোয়াড়ের লক্ষণ।”
মাদ্রিদে করা গোলটি ছিল চলতি মৌসুমে ইয়ামালের ৪০তম গোল অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে), যা তার ক্যারিয়ারের নতুন রেকর্ড। যদিও হানসি ফ্লিকের দল মোট ৩-২ অ্যাগ্রিগেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, তবুও পুরো ম্যাচে অ্যাতলেটিকোর রক্ষণভাগকে একাই ব্যস্ত রেখেছিলেন এই তরুণ উইঙ্গার।
অরি মনে করেন, ইয়ামালের এই অদম্য আত্মবিশ্বাসই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। তার ভাষায়, “লিওনেল মেসির প্রতিভা ছিল অবিশ্বাস্য, কিন্তু ইয়ামালের এই সাহসী আত্মবিশ্বাস সত্যিই অনন্য এবং দেখার মতো।”
ইউরোপিয়ান সাফল্য হাতছাড়া হলেও বার্সেলোনার সামনে এখনো বড় সুযোগ রয়েছে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জয়ের। পয়েন্ট টেবিলে ৯ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনা আগামী বুধবার সেল্টা ভিগোর মুখোমুখি হবে। অ্যাতলেটিকোর বিপক্ষে হতাশা ভুলে ইয়ামালের ওপর ভর করেই লিগ শিরোপা নিশ্চিত করতে চাইছে কাতালানরা।
