ভারতীয় ক্রীড়াঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই তার একের পর এক বিধ্বংসী ইনিংস নিয়ে মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা। সেই প্রসঙ্গই এবার উঠে এসেছে অলিম্পিকে ভারতের প্রথম নারী একাধিক পদকজয়ী শ্যুটার মনু ভাকেরের সামনে।

গত সোমবার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনু ভাকের। অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন গণমাধ্যম তাকে সাক্ষাৎকার নেয়। সেখানেই হঠাৎ করে রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটার সূর্যবংশী সম্পর্কে প্রশ্ন করা হয়।

২০২৪ প্যারিস অলিম্পিকে দুটি ব্রোঞ্জ পদকজয়ী এই তারকা শ্যুটার অপ্রাসঙ্গিক প্রশ্ন হলেও খুব শান্তভাবে উত্তর দেন।

তিনি বলেন, “আমি বলব, যদি মেন্টরশিপ ভালো হয়, চারপাশের পরিবেশ ভালো হয়, মানুষজন ভালো হয়—তাহলে বয়স শুধু একটি সংখ্যা। প্রতিভার কোনো বয়স নেই। কেউ ৬০ বছরেও বড় কিছু করতে পারে, আবার ৬ বছরেও পারে। তাই যদি তাকে সঠিকভাবে গাইড করা হয়, আমি নিশ্চিত সে ভবিষ্যতে বড় তারকা হবে।”

তবে এই প্রশ্নোত্তর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় তীব্র বিতর্ক। অনেক ক্রীড়াপ্রেমী ও নেটিজেন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

তাদের মতে, একজন অলিম্পিক পদকজয়ীকে এমন প্রশ্ন করা একেবারেই অপ্রাসঙ্গিক এবং ভাকেরের প্রতি অসম্মানজনক আচরণ। আবার অনেকে মনে করছেন, ভারতে ক্রিকেটকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রবণতা আবারও সামনে এসেছে।

কেউ কেউ আরও বলেছেন, সূর্যবংশী প্রতিভাবান হলেও এমন একটি অনুষ্ঠানে যেখানে মনু ভাকের নিজেই ইতিহাসগড়া অ্যাথলেট, সেখানে তাকে উপেক্ষা করে অন্য খেলার খেলোয়াড় নিয়ে প্রশ্ন করা উচিত হয়নি।

অন্যদিকে, বৈভব সূর্যবংশী এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন আইপিএলে। তিনি বর্তমানে টুর্নামেন্টের সেরা রানসংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে আছেন। ৮ ম্যাচে তার রান ৩৫৭, যার মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি ও ২টি ফিফটি।

তার গড় ৪৪.৬২ এবং স্ট্রাইকরেট ২৩৪.৮৬। শীর্ষে থাকা অভিষেক শর্মা (৩৮০ রান) এবং লোকেশ রাহুলের (৩৫৮ রান) সঙ্গে ব্যবধানও খুব বেশি নয় এই বাঁহাতি বিধ্বংসী ব্যাটারের।

 

news