টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন না, আইপিএলের দাপটে এখন জাতীয় দলের নেতৃত্বের দৌড়ে সবার ওপরে শ্রেয়াস আইয়ার!

ভারতীয় ক্রিকেটে বড়সড় রদবদলের আভাস। শ্রেয়াস আইয়ার—যিনি গত আড়াই বছর ধরে টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি, এমনকি শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা পাননি—তিনি যে হতে চলেছেন ভারতের নতুন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক! শুনতে কি অবিশ্বাস্য লাগছে? কিন্তু ঘটতে চলেছে ঠিকই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বিসিসিআই সূত্রের বরাতে জানিয়েছে, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আইয়ারকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ব্যাপারে একদম ইতিবাচক।

কী কারণে এই সিদ্ধান্ত? চলমান আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে শ্রেয়াসের সাহসিকতা আর একনিষ্ঠতা কর্তাদের মুগ্ধ করেছে। ইনজুরি কাটিয়ে ফেরার পর তার ব্যাটিং ফর্ম যেভাবে ধারাবাহিক, তাতে তিনি নেতৃত্বের দাবিদার হিসেবে সবার ওপরে উঠে এসেছেন।

অন্যদিকে সূর্যকুমার যাদবের সাম্প্রতিক ফর্মহীনতা আর শুভমান গিলের জায়গায় আরও অভিজ্ঞ কাউকে খোঁজার চেষ্টাই যেন আইয়ারের পথ করে দিয়েছে। বিসিসিআই সূত্র বলছে, ‘আমরা এমন কাউকে খুঁজছি, যিনি টি-টোয়েন্টি আর ওয়ানডে—দুই দলেই নেতৃত্ব দিতে পারবেন। শ্রেয়াস গত কয়েক বছরে দারুণ পারফর্ম করেছেন, আর এই আইপিএলে তার নেতৃত্ব তো প্রশংসার যোগ্য।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের অবদানকে বোর্ড সম্মান জানালেও তার সাম্প্রতিক ফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রোহিত শর্মার পর শুভমান গিলকে একসময় ওয়ানডের দায়িত্ব দেওয়া হলেও বোর্ড এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আইয়ারকেই পরীক্ষা করে দেখতে চায়।

আগামী ৬ জুন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে ভারতের আন্তর্জাতিক মৌসুম শুরু হবে। তারপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর। বলাই বাহুল্য, এই সফরগুলোর আগেই নতুন অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিতে পারে বিসিসিআই।

 

news