যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বললেন, বিশ্বকাপ দেখতে যাবেন, কিন্তু এত দামে টিকিট কিনবেন না! ট্রাম্পের এমন মন্তব্যে উঠলো নয়া বিতর্ক

আসন্ন বিশ্বকাপে টিকিটের দাম যে আকাশছোঁয়া, তা আর বলার অপেক্ষা রাখে না। লাগামছাড়া মূল্যের কারণে ইতিমধ্যেই সমালোচিত এবারের আসর। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বারবার দাম নিয়ে সাফাই গেলেও এবার টিকিটের দাম শুনে হতবাক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বললেন, ‘আমি এই দামের কথা জানতামই না। আমি অবশ্যই সেখানে থাকতে চাই, কিন্তু সত্যি বলতে আমি এই এক হাজার ডলার দিতেও নারাজ।’

শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না? একজন বিলিয়নিয়ার প্রেসিডেন্ট এক হাজার ডলার দিতে নারাজ! কিন্তু ট্রাম্পের উদ্বেগ অন্য জায়গায়। তিনি বলছেন, টিকিটের চড়া দামের কারণে নিম্ন আয়ের আমেরিকানরা হয়তো বিশ্বকাপ দেখতেই পারবেন না। ‘কুইন্স আর ব্রুকলিনের মানুষরা, যারা ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসে, তারা যদি যেতে না পারে, তবে আমি হতাশ হবো,’ বলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের আইনজীবী ও আন্তর্জাতিক ভক্ত-সমর্থকদের সংগঠন জুনের এই টুর্নামেন্টের টিকিটের উচ্চমূল্যের জন্য ফিফার কড়া সমালোচনা করেছে। ফুটবল সাপোর্টার্স ইউরোপ তো একে ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ আখ্যা দিয়েছে।

ট্রাম্প অবশ্য তার পুরনো দিনের কথা মনে করলেন। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের কৃতিত্ব দাবি করে তিনি বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছেন, তারা যেতে পারলে আমার খুব ভালো লাগবে।’

ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালোই। গত মঙ্গলবার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান জানান, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী টিকিট পুনর্বিক্রির সুযোগ থাকায় ফিফার সেই বাজার বাস্তবতাকে কাজে লাগানোই উচিত।

চাহিদা কিন্তু বিশাল! এই বছর ফিফার কাছে ৫০ কোটি টিকিটের অনুরোধ এসেছে। অথচ ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ মিলে চাহিদা ছিল ৫ কোটিরও কম! গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিটের দাম তিনশ ডলারের নিচে বললেও ২০২২ বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম যেখানে ছিল মাত্র ১ হাজার ৬০০ ডলার, সেখানে এবারের ফাইনাল টিকিটের দাম ১১ হাজার ডলার!

 

news