বিশ্বকাপে রোনালদোর সেই ভোলার দিন! ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ঘণ্টায় ২৪ কিলোমিটার গতিতে ছুটেছিলেন পর্তুগিজ সুপারস্টার, ফ্রি কিকে স্পেনকে কাঁদিয়েছিলেন
আর মাত্র ৩৪ দিন! এরপরেই শুরু ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে বসছে ৪৮ দলের মহারণ। ফিফা এখন প্রতিদিনের পরিসংখ্যান দিয়ে ক্ষণগণনা করছে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা না বললেই নয়। বয়স ৪১ পেরিয়ে গেলেও তার ফিটনেস আর ফর্মের কী যে জবরদস্তি! মাঠে এখনো তিনি এক টাইফুন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে গোল করে চলেছেন। থামার নাম নেই তার।
কিন্তু আপনারা জানেন কী, ৩৩ বছর বয়সে রোনালদো কেমন ছিলেন? এ জন্য ঘুরে যাই ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। ওই বিশ্বকাপে যৌথভাবে দ্রুততম গতি অর্জন করেছিলেন রোনালদো—ঘণ্টায় ২৪ কিলোমিটার! পর্তুগালের এই সাত নম্বর জার্সিধারীর সঙ্গী ছিলেন ক্রোয়েশিয়ার ২৪ বছর বয়সী আন্তে রেবিচ।
কেবল গতিই নয়, ইতিহাস গড়েছিলেন রোনালদো। ওই বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছিলেন তিনি। স্পেনের বিপক্ষে ওই ম্যাচ তো সোনালি অক্ষরে লেখা থাকবে। শেষ মুহূর্তে এক অসাধারণ ফ্রি কিকে গোল করে দলকে এনে দিয়েছিলেন ৩-৩ গোলের দারুণ ড্র।
আরেকটা ইতিহাস মনে করিয়ে দিই। এর আগে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্কের দখলে। ১৯৭৮ সালে আর্জেন্টিনায় ৩০ বছর বয়সে ইরানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। রোনালদো সেটাও ছাড়িয়ে গেলেন!
