দেশে সহিংসতা বাড়ার মধ্যে শেখ হাসিনা ও ভারতকে দায়ী করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: Updated: 1 views
দেশে সহিংসতা বাড়ার মধ্যে শেখ হাসিনা ও ভারতকে দায়ী করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান
Share:

আরটির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সহিংসতা বাড়ার জন্য ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে দায়ী করেছেন। স্বৈরশাসক হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে আছেন এবং ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করেছেন।

বুধবার সংসদে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান অভিযোগ করেন, স্বৈরশাসক তার সমর্থকদের বিরোধীদের বাড়িঘরে আগুন দেওয়া এবং হত্যার তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে "সন্ত্রাসী গোষ্ঠী" বলে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে "গণতান্ত্রিক শক্তিগুলোকে" ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়।

প্রধানমন্ত্রী ভারতের নাম সরাসরি না নিয়ে অভিযোগ করেন, দেশটি পলাতক আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে। ইউএনবির বরাত দিয়ে তিনি বলেন, "যারা এসব সন্ত্রাসীকে আশ্রয় ও সহায়তা করছে এবং তাদের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারা বাংলাদেশের স্বাধীনতাপ্রেমী মানুষের প্রতি তাদের মনোভাব স্পষ্টভাবে দেখিয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতাপ্রেমী, গণতান্ত্রিক মানুষের পাশে নেই। বরং তারা সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।"

প্রধানমন্ত্রীর এই বক্তব্য এমন সময় এল, যখন দেশের বিভিন্ন অংশে—বিশেষ করে শেখ হাসিনার নিজ জেলা ও রাজনৈতিক ঘাঁটি গোপালগঞ্জে—সহিংসতা চলছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তারের পর বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়ায় একটি থানায় হামলা চালায়, নিরাপত্তা বাহিনীর যানবাহনে আগুন দেয় এবং বিএনপি নেতাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত করে।

ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী, মঙ্গল ও বুধবার পৃথক রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত চারজন নিহত হন। এদের মধ্যে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংশ্লিষ্ট তিনজন কর্মী এবং পার্ক করা যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় নিহত এক বাসকর্মী রয়েছেন।

এক সপ্তাহের বিক্ষোভের পর বৃহস্পতিবার নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী অবরোধ ডাকলে বাংলাদেশের বিভিন্ন অংশে কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর আগের রাতে নোবেল ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়। শেখ হাসিনার পতনের পর তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন। তাঁর স্বজনরা অক্ষত ছিলেন।

খবর অনুযায়ী, স্বৈরশাসক হাসিনার দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন সরকার প্রত্যাখ্যান করার পর এই অস্থিরতা শুরু হয়। সাবেক এই নেত্রী আগে ঘোষণা করেছিলেন, তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। গত বছর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের জুলাইয়ে সহিংস বিক্ষোভ দমনের সময় অপরাধের জন্য শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়।

স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে। বাংলাদেশ ভারতের কাছে তার প্রত্যর্পণের অনুরোধে জোর দিচ্ছে। ভারত অনুরোধটি পাওয়ার কথা স্বীকার করেছে, তবে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে "আইনি বিষয়" বলে অভিহিত করে এবং "ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক" রাখার ইচ্ছার পুনর্ব্যক্ত করে।

Source: আরটি

আব্দুল্লাহ আল মাসুম
আব্দুল্লাহ আল মাসুম

স্টাফ রিপোর্টার, NBS Bangla

Related News