বিয়েতে যৌতুক হিসেবে সোলার প্যানেল, পাকিস্তানে সৌরবিদ্যুতের বিস্তারে চাপে জাতীয় গ্রিড

Published: Updated: 1 views
বিয়েতে যৌতুক হিসেবে সোলার প্যানেল, পাকিস্তানে সৌরবিদ্যুতের বিস্তারে চাপে জাতীয় গ্রিড
Share:

পাকিস্তানে বিদ্যুতের উচ্চমূল্য ও জাতীয় গ্রিডের অনির্ভরযোগ্যতার কারণে সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বাড়ছে। এখন বিয়েতে যৌতুক হিসেবেও দেওয়া হচ্ছে সোলার প্যানেল। ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ ১ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে পৌঁছেছে। প্রায় ৭০ লাখ পরিবারে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল। তবে সৌরবিদ্যুতের এই দ্রুত বিস্তার জাতীয় বিদ্যুৎ গ্রিডের আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গ্রামীণ এলাকার বাসিন্দা ফয়সাল শাহজাদের বাড়িতে বিয়ের তিন মাস পরও সাজানো রয়েছে কনের পরিবারের দেওয়া যৌতুকের বিভিন্ন সামগ্রী। গয়না, রুপার তৈজসপত্র, সোফা ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের পাশাপাশি রয়েছে একটি ৩৪০ ওয়াটের সোলার প্যানেল। তবে অন্য উপহারগুলোর তুলনায় এই প্যানেলটিকেই সবচেয়ে মূল্যবান মনে করছেন তিনি।

শাহজাদ জানান, গরমের সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত সোলার প্যানেলটি ব্যবহার করেছেন তারা। দিনের বেলায় জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর নির্ভর করতে হয়নি। তাঁর ভাষায়, 'এটি দিয়ে সারা দিন আমাদের এয়ার কুলার চলেছে।'

পাকিস্তানে সৌরবিদ্যুতের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে বাড়ির ছাদ, হাসপাতাল, কৃষিজমি ও শিল্পকারখানায় ব্যাপকভাবে বসানো হচ্ছে আমদানি করা সোলার প্যানেল।

পাকিস্তানভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান রিনিউয়েবলস ফার্স্টের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে দেশটির বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ ছিল ১ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। বর্তমানে প্রায় ৭০ লাখ পরিবার সৌরবিদ্যুৎ ব্যবহার করছে।

শাহজাদ বলেন, আগে বিয়েতে মোটরসাইকেল কিংবা ঘরের প্রয়োজনীয় সামগ্রী উপহার দেওয়া হতো। এখন সোলার প্যানেল ও এয়ার কুলার উপহার দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। তাঁর কথায়, 'এখন সবাই একটি সোলার প্যানেল ও একটি এয়ার কুলার উপহার দেয়। এটি প্রায় অপরিহার্য হয়ে উঠেছে।'

তবে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরও জাতীয় গ্রিডের সংযোগ রেখেছেন শাহজাদ। পরিবারের সদস্য ও ভাইদের পরিবার একই বাড়িতে থাকায় একসঙ্গে একাধিক বৈদ্যুতিক যন্ত্র চালাতে হয়। ফলে সব সময় সৌরবিদ্যুতের ওপর নির্ভর করা সম্ভব হচ্ছে না।

অন্যদিকে পাকিস্তানের সাধারণ মানুষের জন্য বিদ্যুতের বিল ক্রমেই বড় আর্থিক চাপ হয়ে উঠছে। দেশটিতে মাসিক গড় মজুরি ৪০ হাজার পাকিস্তানি রুপির কিছুটা কম। অথচ অনেক পরিবারের মাসিক বিদ্যুৎ বিল ১৫ থেকে ১৮ হাজার রুপিতে পৌঁছাচ্ছে।

সৌরবিদ্যুতের উত্থানে জাতীয় গ্রিডের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানির দিকে যাওয়ার আলোচনা যখন জোরালো, তখন পাকিস্তান সৌরবিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাচ্ছে। তবে এই পরিবর্তনের ফলে দেশটির প্রচলিত বিদ্যুৎ সরবরাহব্যবস্থা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সৌরবিদ্যুতের এই বিস্তার মূলত সরকারি কোনো বিশেষ কর্মসূচির ফল নয়। বরং বিদ্যুতের উচ্চমূল্য এবং জাতীয় গ্রিডের অনিয়মিত সরবরাহ থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ নিজেরাই সোলার প্যানেল স্থাপন করছে।

রিনিউয়েবলস ফার্স্টের ইন্ডাস্ট্রি লিয়াজোঁ মুহাম্মদ হাসান দাজানা জানান, কয়েক বছরের ব্যবধানে পাকিস্তানে বিদ্যুতের শুল্ক দ্বিগুণের বেশি বেড়েছে। বিপরীতে চীনা সোলার প্যানেলের দাম কমেছে '৯৩ শতাংশ'।

দেশটির জ্বালানিমন্ত্রী আওয়াইস আহমেদ লেঘারি এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, 'মানুষ কেবল টিকে থাকার আরেকটি পথ খুঁজে নিয়েছে। এটি খুবই ইতিবাচক একটি বিষয়। আমরা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি। জনগণ অর্থনৈতিকভাবে অত্যন্ত সাশ্রয়ী ও কার্যকর উপায়ের দিকে হাঁটছে।'

তবে সৌরবিদ্যুতের ব্যবহার যত বাড়ছে, জাতীয় গ্রিডের আর্থিক কাঠামো তত বেশি চাপে পড়ছে। জ্বালানি খাতে এই পরিস্থিতিকে বলা হচ্ছে 'ইউটিলিটি ডেথ স্পাইরাল' বা পরিষেবা খাতের পতনচক্র।

এর মূল সমস্যা হলো, গ্রাহকরা জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ কেনা কমিয়ে দিলে গ্রিড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নির্দিষ্ট খরচ তুলতে কমসংখ্যক গ্রাহকের ওপর নির্ভর করতে হয়। ফলে অবশিষ্ট গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ে। আর বাড়তি বিল এড়াতে আরও বেশি মানুষ সৌরবিদ্যুতের দিকে ঝুঁকে পড়ে।

দীর্ঘ মেয়াদে এই পরিস্থিতি বিদ্যুৎ ব্যবস্থায় দুই ধরনের গ্রাহকশ্রেণি তৈরি করতে পারে। যাদের সোলার প্যানেল কেনার সামর্থ্য রয়েছে, তারা তুলনামূলক কম খরচে বিদ্যুৎ পাবে। অন্যদিকে যারা সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবে না, তাদের ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল বহন করতে হবে।

একই সঙ্গে গ্রাহক হারাতে থাকা জাতীয় গ্রিড সরকারের জন্য আর্থিক বোঝা হয়ে উঠতে পারে।

দাজানা বলেন, 'তখন এমন একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গড়ে উঠবে, যা এক "সাদা হাতিতে" পরিণত হবে এবং সেটিকে কেবল টিকিয়ে রাখতেই জনগণের করের বিপুল অর্থ ঢালতে হবে।'

সরকারের বক্তব্য অনুযায়ী, এই পরিস্থিতির আর্থিক প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে।

লেঘারি বলেন, 'গত দুই বছরেই গ্রিড ছেড়ে যাওয়ার প্রবণতার কারণে অবশিষ্ট গ্রাহকদের বছরে ৫০ কোটি ডলারের বেশি বাড়তি খরচ গুনতে হয়েছে। এটি অনেক বড় একটি বোঝা। সরকার মানুষকে সৌরবিদ্যুৎ থেকে সরিয়ে আনতে চায় না; বরং আরও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে গ্রিডকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে চায়।'

বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থায় সংস্কারের উদ্যোগ

পাকিস্তানের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহকারী বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছে। অভিযোগ, ব্যয়বহুল ও নমনীয়তাহীন চুক্তির কারণে দেশটির বিদ্যুৎ খাতে আর্থিক চাপ বেড়েছে।

অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো উচ্চ বিদ্যুৎ বিলের জন্য গ্রিডের দুর্বল রক্ষণাবেক্ষণসহ বৃহত্তর কাঠামোগত সমস্যাকে দায়ী করছে।

জ্বালানিমন্ত্রী লেঘারি জানান, সরকার ইতিমধ্যে অধিকাংশ বিদ্যুৎ ক্রয়চুক্তি নিয়ে নতুন করে আলোচনা করেছে। পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণের উন্নত ব্যবস্থা চালু, অপচয় কমানো এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে গ্রিডকে আরও দক্ষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্যও বেশ উচ্চাভিলাষী। লেঘারি চান, ২০৩৬ সালের শেষ নাগাদ নবায়নযোগ্য ও পারমাণবিক জ্বালানিসহ দেশের বিদ্যুৎ চাহিদার 'সর্বোচ্চ ৯০ শতাংশ পরিবেশবান্ধব বিদ্যুৎ' থেকে পূরণ হোক। একই সময়ে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা ২৬ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

শিল্পকারখানায় সৌরবিদ্যুতের ব্যাপক ব্যবহার

জাতীয় গ্রিডের সংস্কারের পাশাপাশি পাকিস্তানের শিল্প খাতেও সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বাড়ছে। ইসলামাবাদের কোহিনূর টেক্সটাইল মিলস এর একটি উল্লেখযোগ্য উদাহরণ।

কারখানাটির ছাদজুড়ে বিস্তৃত নীল সোলার প্যানেল ওপর থেকে দেখলে বিশাল সৌরবিদ্যুৎকেন্দ্রের মতো মনে হয়। প্রতিষ্ঠানটির ইউটিলিটিজ ম্যানেজার সাবাউন খান জানান, দিনের বেলায় সূর্যের আলো থাকলে মিলের শত শত যন্ত্র সম্পূর্ণভাবে সৌরশক্তিতে পরিচালিত হয়।

একসময় কারখানাটি বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারী ফার্নেস অয়েলচালিত ইঞ্জিনের ওপর নির্ভর করত। এখন সেই ইঞ্জিনগুলো গুদামে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

তবে সৌরবিদ্যুতেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আকাশ মেঘলা থাকলে, বায়ুদূষণ বাড়লে কিংবা রাতে কারখানাটিকে জাতীয় গ্রিড থেকে বেশি বিদ্যুৎ নিতে হয়।

এই সমস্যা মোকাবিলায় প্রতিষ্ঠানটি শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী ব্যাটারি স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব ব্যাটারি চালু হলে দিনের বেলায় উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ সংরক্ষণ করা সম্ভব হবে।

কোহিনূর টেক্সটাইল মিলসের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিক সাঈদ সাইগল বলেন, 'আমাদের জ্বালানি খরচ কমানো প্রয়োজন ছিল এবং এটিই ছিল তা করার একটি উপায়।'

তবে জাতীয় গ্রিড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা নেই তাদের। সাইগলের ভাষায়, 'দুর্ভাগ্যবশত রাষ্ট্রের কাছে পর্যাপ্ত সম্পদ নেই, তাই আমরা সবকিছুর জন্য রাষ্ট্রকে দোষারোপ করতে পারি না। কিছু কাজ আমরাই নিজেরা করে নিচ্ছি।'

সৌরবিদ্যুতের নীতিতে পরিবর্তন নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ

সৌরবিদ্যুতের প্রসারের পাশাপাশি সরকারের নীতিগত পরিবর্তন নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে। সমালোচকদের অভিযোগ, সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগে যে সুবিধা ছিল, সরকার এখন তা সীমিত করছে।

আগে বাড়ির মালিকরা নিজেদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারতেন। এর বিনিময়ে তারা বিদ্যুতের ক্রেডিট পেতেন। পরে সূর্যের আলো না থাকলে গ্রিড থেকে নেওয়া বিদ্যুতের বিলের সঙ্গে সেই ক্রেডিট সমন্বয় করা যেত।

তবে চলতি বছরের শুরুর দিকে এই নীতিতে পরিবর্তন আনা হয়।

ফয়সালাবাদ চেম্বার অব কমার্সের সভাপতি আরিফ এহসান মালিক মনে করেন, সরকারের এই সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ ব্যবহারকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য ক্ষতিকর।

তিনি বলেন, 'শুরুতে সরকারের নীতি খুবই সহায়ক ছিল। কিন্তু পরে নীতি পাল্টে ফেলা হয়েছে। এখন তারা কম দামে বিদ্যুৎ কিনছে এবং বেশি দামে আমাদের কাছে বিক্রি করছে।'

মালিকের মতে, এই পরিবর্তনের কারণে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে জ্বালানিমন্ত্রী লেঘারি এই সমালোচনার সঙ্গে একমত নন। তাঁর যুক্তি, আগের নীতির আর্থিক হিসাব বাস্তবসম্মত ছিল না। কারণ সৌরবিদ্যুৎ উৎপাদনকারীরা জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সরবরাহ করতেন, তার জন্য যে মূল্য পেতেন, গ্রিড থেকে বিদ্যুৎ নেওয়ার ক্ষেত্রে তার চেয়ে বেশি অর্থ দিতে হতো।

লেঘারি বলেন, 'ওই মুনাফা আসছিল গ্রিডের বাকি গ্রাহকদের খরচের বিনিময়ে। আমরা যদি ওই বিধিমালা পরিবর্তন না করতাম, তবে আগামী দুই বছরের মধ্যে বাকি গ্রাহকদের ওপর বছরে অন্তত ১৫ হাজার থেকে ২০ হাজার কোটি রুপির বাড়তি বোঝা চাপত।'

সৌরবিদ্যুতের ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানের পরিকল্পনা

পাকিস্তানে সৌরবিদ্যুতের প্রাথমিক বিস্তার সরকারের জন্য অপ্রত্যাশিত ছিল বলে স্বীকার করেছেন জ্বালানিমন্ত্রী। তবে তাঁর দাবি, সৌরবিদ্যুতের প্রসার এখন আর সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাইরে নেই।

লেঘারি জানান, সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির বিষয়টি সরকারের ১০ বছর মেয়াদি পূর্বাভাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে জাতীয় গ্রিড ছেড়ে যাওয়ার প্রবণতাও কমে এসেছে বলে দাবি করেন তিনি।

সৌরশক্তি নিয়ে পাকিস্তানের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে দেশজুড়ে সোলার ব্যাটারি তৈরির কারখানা স্থাপন এবং বৈদ্যুতিক যানবাহন বা ইভির ব্যবহার বাড়াতে উৎসাহ দেওয়া।

তবে দেশটির সামনে এখন দুটি সম্ভাব্য পথ রয়েছে বলে মনে করেন মুহাম্মদ হাসান দাজানা।

তিনি বলেন, 'সামনে দুটি পথ খোলা রয়েছে। একটি হলো এমন ভবিষ্যৎ, যেখানে সৌরবিদ্যুৎ ও জাতীয় গ্রিড সমান্তরালভাবে কাজ করবে; যা দেখাবে কীভাবে ধাপে ধাপে জ্বালানি রূপান্তর সফল হতে পারে। অন্যটি হলো এমন পথ, যেখানে পাকিস্তান একটি সতর্কতামূলক দৃষ্টান্তে পরিণত হবে এবং ব্যয়বহুল ও ক্ষয়িষ্ণু এক গ্রিডের বোঝা বইবে।'

এদিকে পাঞ্জাবের গ্রামীণ এলাকায় ফয়সাল শাহজাদ আরও বড় পরিসরে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা করছেন। তাঁর লক্ষ্য, জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের বিদ্যুতের চাহিদা নিজেরাই পূরণ করা।

শাহজাদ বলেন, 'আমরা আরও ১০ থেকে ১৫টি প্যানেল কিনে ছাদে বসানোর পরিকল্পনা করছি, এরপর ব্যাটারি ও ব্যাকআপসহ একটি পূর্ণাঙ্গ সিস্টেম যুক্ত করব। আমাদের পরিকল্পনা হলো পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠা।'

ওয়েব ডেস্ক
ওয়েব ডেস্ক

সাব এডিটর, NBS Bangla

Related News