NBS Bangla — 16 November 2026, 6:22 PM
ইন্ডিয়ার আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী?

ইন্ডিয়ার সিকিমের আকাশসীমায় প্রবেশ করে চীনের একটি সামরিক বিমান প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে বলে অভিযোগ উঠেছে। গত ১২ নভেম্বরের এ ঘটনায় ভারতীয় বিমানবাহিনী একাধিকবার সতর্কবার্তা দিলেও বিমানটি তাৎক্ষণিকভাবে ফিরে যায়নি বলে দাবি করেছে একটি সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যম আউটলুককে নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, ১২ নভেম্বর সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) চীনা বিমানটির গতিবিধি শনাক্ত করে। এরপর বিমানটিকে নিজ ভূখণ্ডে ফিরে যেতে বারবার সতর্ক করা হয়। তবে বিমানটি সেটি মানেনি।
প্রতিবেদন অনুযায়ী, বিমানটির অবস্থান শনাক্ত করা হয়েছিল প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায়। তবে সেটি কী ধরনের বিমান ছিল, কোন পথে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল এবং কখন ফিরে গেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ সিকিমের যে এলাকায় বিমানটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে, সেখান থেকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর পর্যবেক্ষণ করা সম্ভব। প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এই সরু ভূখণ্ড ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। কৌশলগত গুরুত্বের কারণে এটি ‘চিকেনস নেক’ নামেও পরিচিত।
সিকিমের সঙ্গে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে। এ ছাড়া ডোকলাম মালভূমির কাছাকাছি হওয়ায় অঞ্চলটি সামরিকভাবে অত্যন্ত সংবেদনশীল। ২০১৭ সালে ডোকলামকে কেন্দ্র করে ভারত ও চীনের সেনাদের মধ্যে দীর্ঘ অচলাবস্থা তৈরি হয়েছিল।
ভারতীয় সীমান্তে চীনা সামরিক বিমানের তৎপরতার ঘটনা অবশ্য নতুন নয়। ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছাকাছি একটি চীনা সামরিক বিমান উড়েছিল। ২০২০ সালে লাদাখে উত্তেজনার সময়ও প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছে চীনা সামরিক হেলিকপ্টার দেখা যায়।
এ ছাড়া ২০১৭ সালের অক্টোবরে উত্তরাখণ্ডের বারাহোতি এলাকায় দুটি চীনা হেলিকপ্টার ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল বলে খবর প্রকাশিত হয়। একই বছরের নভেম্বরে লাদাখে চারটি চীনা হেলিকপ্টার প্রবেশের অভিযোগ ওঠে। এর মধ্যে একটি প্রায় ৩০ মিনিট অবস্থান করেছিল।
সর্বশেষ ঘটনা নিয়ে ভারতীয় বিমানবাহিনীর বক্তব্য জানতে যোগাযোগ করেছে আউটলুক। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাব এডিটর, NBS Bangla
Related News

রেকর্ড চাল উৎপাদনের পরও সংকটে ভারত, বাড়ছে ভর্তুকি ও মজুতের চাপ
একসময় নিজ জনগণের খাদ্যচাহিদা মেটাতেই হিমশিম খাওয়া ভারত এখন বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী দেশ। তবে রেকর…

