NBS Bangla — 22 November 2026, 3:36 AM
প্রধানমন্ত্রী তারেক রহমান
সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে তাঁবেদার রাষ্ট্র হওয়ার আশঙ্কা নেই
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।

দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে বাংলাদেশকে কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস কেউ পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় জনগণ, গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও দেশপ্রেমের সমন্বয় অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রী বলেন, সবাই ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই দেশকে পরাধীনতা বা তাঁবেদারত্বের দিকে ঠেলে দিতে পারবে না।
স্বাধীনতার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন। ঐতিহাসিক কারণেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অনন্য ও অসাধারণ।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার অপচেষ্টা হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল।
তিনি অভিযোগ করেন, ৭ নভেম্বরের পরাজিত অপশক্তি পরবর্তী সময়ে মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।
লাখো শহীদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানাতে দুটি প্রধান দায়িত্ব পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। এর মধ্যে প্রথম ও প্রধান দায়িত্ব যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয় দায়িত্ব শহীদদের কাঙ্ক্ষিত নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্থলভাগের পাশাপাশি আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করতে সরকার নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করেছে। সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে।
তিনি জানান, সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ বর্তমান ও সাবেক কর্মকর্তা-সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী বীর সেনানীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানান তিনি।
স্টাফ রিপোর্টার, NBS Bangla
Related News

মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার নিয়েছে ইতিবাচক পদক্ষেপ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। সশস্ত্র বাহিন…

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় আসছে ভারতের জলসম্পদ প্রতিনিধিদল, নবায়ন আলোচনায় নেই
দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ–ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ…

দেশে সহিংসতা বাড়ার মধ্যে শেখ হাসিনা ও ভারতকে দায়ী করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সহিংসতা বাড়ার জন্য ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে দায়ী করেছেন। স্বৈরশাসক…






