হৃদরোগে আক্রান্ত ফুয়াদ
বাংলা সংগীত জগতের পরিচিত নাম ফুয়াদ আল মুক্তাদির। মডার্ন মিউজিকের সঙ্গে শ্রোতাদেকে যারা পরিচয় করিয়ে দিয়েছেন তাদের একজন তিনি। গুণি এই শিল্পী গুরুতর অসুস্থ। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি। এরমধ্যেই ওপেন হার্ট সার্জারি করা হয়েছে তার।
১১ মার্চ (শনিবার) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে অস্ত্রপচার সম্পন্ন হয় তার। খবরটি জানিয়েছেন ফুয়াদের ভাই নিকি কামরান মুক্তাদির। অইদিন ভোর চারটায় তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ঘণ্টা খানেক আগে ফুয়াদের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তার দুটো বাইপাস সার্জারি এবং এওর্টিক ভালভ রিপেয়ার করা হয়েছে। এখনও সে অপারেশন কক্ষে আছে। কিছুক্ষণের মধ্যে তাকে পিএসিইউ-তে (পোস্ট অ্যানস্থেশিয়া কেয়ার ইউনিট) স্থানান্তর করা হবে। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।
অস্ত্রোপচারের খবরটি এর আগে সামনে এনেছেন ‘চিরকুট’ ব্যান্ডের প্রধান শারমিন সুলতানা সুমী। ১০ মার্চ দিবাগত রাত ১টা ৫ মিনিটে তিনি ফেসবুকে লিখেছেন, ‘আজকে আমাদের সবার প্রিয় এবং বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ভাইয়ের ৮ ঘণ্টাব্যাপী ওপেন হার্ট সার্জারি হচ্ছে আমেরিকার একটা হাসপাতালে। আমাদের ফুয়াদ ভাই একজন যোদ্ধা। এর আগে ফুয়াদ ভাইয়ের থাইরয়েড ক্যানসার সার্জারি হয়েছিল। তিনি সেটা রিকভারিও করেছেন সাহসের সঙ্গে।
২০১৮ সালে ফুয়াদ এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, তিনি ‘প্যাপিলারি কার্সিনোমা’ নামের এক ধরণের থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সেটা থেকে সুস্থতায় ফিরে আসেন শিল্পী। ফুয়াদ আল মুক্তাদির ছোটবেলা থেকেই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। মাঝে বাংলাদেশে এসে লম্বা সময় গান করেছেন। তবে অনেক বছর ধরে আবারও মার্কিন মুলুকে স্থায়ীভাবে রয়েছেন তিনি। মাঝেমধ্যে দেশে আসেন, গান করেন, ফের চলে যান।
এনবিএস/ওডে/সি