পুরুষ সহশিল্পীর সমান পারিশ্রমিক পেয়ে যা বললেন প্রিয়াঙ্কা

বলিউডে নারী ও পুরুষ শিল্পীর পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য পুরনো। বেশ কিছু বছর ধরে একাধিক অভিনেত্রী এ বৈষম্য নিয়ে কথা বলেছেন। এবার এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হলিউডে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউড থেকে পুরুষ অভিনেতার সমান পারিশ্রমিক পেয়েছেন তিনি। সেটা গর্বের সঙ্গে বলিউডকে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

আন্তর্জাতিক তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। হলিউডে ‘কোয়ান্টিকো’ দিয়ে কাজ শুরু করে তারপর ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এর মতো ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী। এবার মার্ভেলখ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে জুটি বেঁধেছেন। কল্পবিজ্ঞান ও স্পাই থ্রিলারের মিশেলে তৈরি সিরিজ ‘সিটাডেল’। যেখানে প্রিয়াঙ্কাকে মুখ্য চরিত্রে দেখা যাবে। সেখানেই তিনি পুরুষ তারকার সমান পারিশ্রমিক পেয়েছেন।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমি ২২ বছর ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। এতদিনে আমি প্রায় ৭০টিরও বেশি ছবিতে কাজ করেছি। বেশ কিছু টেলিভিশন শো করেছি। ‘সিটাডেল’-এই প্রথম কোনো কাজ, যেখানে আমার বিপরীতে পুরুষ অভিনেতার সমান পারিশ্রমিক পেয়েছি আমি।’
পারিশ্রমিক-বৈষম্য নিয়ে একাধিকবার মুখ খুলেছেন এই তারকা।

নারীপ্রধান ছবি ছাড়া অন্য ছবিতে পুরুষ তারকাদের অর্ধেকেরও কম পারিশ্রমিকে কাজ করতে হয় অভিনেত্রীদের। একাধিকবার এই অভিযোগ তুলেছেন তিনি নিজেই। শুধু বলিউডে নয়, পারিশ্রমিক-বৈষম্য নিয়ে সরব হয়েছেন একাধিক হলিউড অভিনেত্রীও।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘এটা খুব অদ্ভুত একটা বিষয়! একজন পুরুষ অভিনেতা একটা ছবিতে যতটা সময় দিচ্ছেন, যতটা খাটছেন সেই কাজের জন্য, আমিও ততটাই পরিশ্রম করছি। তা সত্ত্বেও আমাকে কম পারিশ্রমিক দেয়া হচ্ছে।’ তার মতে, ‘শুধু নারী হওয়ার কারণে কম পারিশ্রমিক পাওয়া তো একপ্রকার লিঙ্গবৈষম্যের শিকার হওয়ার সমান!’

এনবিএস/ওডে/সি

Walton Ads