পাঠান’ দিয়ে প্রথম কোনো হিন্দি সিনেমা মুক্তি পাচ্ছে বাংলাদেশে
অবশেষে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে বলিউড তারকা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিটি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক বিতরণের সহসভাপতি নেলসন ডি’সুজা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। যশরাজ ফিল্মস এক বিবৃতিতে জানিয়েছে, ১২ মে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পেতে চলেছে।
নেলসন ডি’সুজা ‘পাঠান’ মুক্তি প্রসঙ্গে একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘সিনেমা এমন এক শক্তি, যা রাষ্ট্র, জাতি, সংস্কৃতিকে ঐক্যবদ্ধ করতে পারে। যেকোনো সীমা পার করতে পারে, আর মানুষকে প্রভাবিত করে তাদের একসূত্রে গাঁথার মতো ভূমিকা পালন করে। আমরা অত্যন্ত রোমাঞ্চিত যে সারা দুনিয়ায় ঐতিহাসিক বাণিজ্যিক সাফল্য পাওয়া ছবি ‘পাঠান’ এবার বাংলাদেশের দর্শকদের বিনোদন দেওয়ার সুযোগ পাবে।’
তিনি আরো বলেন, পাঠান মুক্তির মধ্য দিয়ে ১৯৭১ এর পরে বাংলাদেশে প্রথম কোনো হিন্দি ছবি আত্মপ্রকাশে যাচ্ছে, এমন সিদ্ধান্ত গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বছরের পর বছর দেখে আসছি বাংলাদেশে প্রচুর পরিমাণে শাহরুখ খানের ভক্তকুল রয়েছে। বাংলাদেশে মুক্তির জন্য ওয়াইআরএফের এই স্পাই ইউনিভার্স ছবিটি একদম যথাযথ। এ ছবিটি ভারতীয় সংস্কৃতি ও সিনেমাকে গৌরবের সঙ্গে প্রতিনিধিত্ব করবে।’
হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে আয়কারী ছবি ‘পাঠান’। বিশ্বজুড়ে এই স্পাই থ্রিলারধর্মী ছবিটি আয় করেছিল ১ হাজার ৫০ কোটি রুপি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিটিতে শাহরুখ খান ছাড়া দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ আরও অনেকে আছেন।
এনবিএস/ওডে/সি