বাবার প্রতি দাবি না-রাখার অনুরোধ ফারুকপুত্র শরৎ’এর

কিংবদন্তি নায়ক ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (ফারুক) সোমবার (১৫ মে) সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ফারুকের মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে আনা হয়। সেখানেই এই নায়ককে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই বিদায় অনুষ্ঠানে প্রথমেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ ও স্পিকারের পক্ষে বরেণ্য এই অভিনেতাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই আনুষ্ঠানিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ সময় উপস্থিত ছিলেন ফারুকের ছেলে রওশন হোসেন পাঠান শরৎ। তিনি বলেন, আমার বাবা চলে গেলেন। আপনারা আমার বাবার প্রতি কোনো দাবি রাখবেন না। তার জন্য দোয়া করবেন। সারাজীবন বাবা মানুষের ভালোবাসা পেয়েছেন। মৃত্যুর পর আপনারা সেই ভালোবাসা দিয়ে যাবেন। তার আত্মার জন্য দোয়া করবেন।

শহিদ মিনার প্রাঙ্গণে এ সময় আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, রোজিনা, অরুণা বিশ্বাস, আলমগীর, রোকেয়া প্রাচীসহ আরো অনেকে।

বেলা ১২টা ৩৫ মিনিটে শহিদ মিনার থেকে এফডিসির উদ্দেশে রওনা হয় চিত্রনায়ক ফারুককে বহনকারী অ্যাম্বুলেন্স। এর আগে শহিদ মিনার প্রাঙ্গণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এনবিএস/ওডে/সি

Walton Ads