স্বত্ব প্রশ্নে আদালতের কাঠগড়ায় সত্যজিৎ রায়ের ‘নায়ক’

১৯৬৬ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবির স্বত্ব স্বত্বাধিকারী কে - এই মর্মে একটি মামলার রায়ে আদালত বলেছে, স্বত্ব সত্যজিৎ রায়েরই। উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত এই ছবিটির গল্প সাজানো হয়েছে, বিনোদন জগতে একজন তারকার উত্থান-পতন নিয়ে। সত্যজিৎ রায় পরিচালিত এবং আরডি বনশল প্রযোজিত এই ছবির চিত্রনাট্যের স্বত্বের অধিকার কার? এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রযোজনা সংস্থা। ছবির চিত্রনাট্যের স্বত্বাধিকার চিত্রনাট্যকার সত্যজিৎ রায়েরই, গত মে মাসেই এই রায় ঘোষণা করে দিল্লি আদালতের সিঙ্গল বেঞ্চ। বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চের সেই রায়েই সম্মতি জানালো দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। 

সম্প্রতি ‘নায়ক’ ছবির চিত্রনাট্যের ভিত্তিতে ভাস্কর চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স। তার পরেই ওই প্রকাশনা সংস্থার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে ছবির প্রযোজক আরডি বনশলের পরিবার। তারা দাবি করে, ছবির চিত্রনাট্যকার সত্যজিৎ রায় হলেও ‘নায়ক’ ছবির প্রযোজক হিসাবে স্বত্বাধিকার তাদেরই। 

তার পরেই আদালতে সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় ও রে সোসাইটির অনুমতিপত্র জমা দেয় প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স। তাদের তরফে জানানো হয়, ‘নায়ক’ অবলম্বনে উপন্যাস প্রকাশের আগে চিত্রনাট্যকার ও পরিচালক সত্যজিৎ রায়ের আইনি স্বত্বাধিকারী পরিবারের অনুমতি নেওয়া হয়েছে। 

দিল্লি আদালত জানায়, ‘নায়ক’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায় নিজে। সেই সৃজনশীল কাজে প্রযোজনা সংস্থার কোনও অবদান ছিল না। তাই চিত্রনাট্যের স্বত্বাধিকারী সত্যজিৎই। তার অবর্তমানে সেই অধিকার রয়েছে তার পুত্র ও পরিচালক সন্দীপ রায় এবং রে সোসাইটির কাছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads