মোদিকে ছুটি নেওয়ার পরামর্শ শাহরুখের
১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। সে তালিকায় আছেন বলিউড সুপাস্টার শাহরুখ খানও। তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছার পাশাপাশি ছুটি নেওয়ার পরামর্শও দিয়েছেন। এদিন সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এমন পরামর্শ দেন তিনি।
নিজের ভেরিফায়েড এক্সে (টুইটার) শাহরুখ লিখেছেন, ‘শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের শুভেচ্ছা। সুস্থ ও আনন্দময় দিন কাটান। এবার একটু কর্মবিরতি নিন। মজা করে ছুটি কাটান। অসংখ্য শুভেচ্ছা।’
সম্প্রতি দিল্লিতে জি-২০-র সম্মেলন শেষ হওয়ার পর শাহরুখের মুখে শোনা গিয়েছিল মোদিবন্দনা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলিউড বাদশা লিখেছিলেন, ‘মোদিজি জি-২০-র সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন। উন্নত ভবিষ্যতের জন্য বিশ্বের দরবারে সকল রাষ্ট্রকে এক সুতোয় বাঁধল জি-২০। এই সাফল্য প্রতিটি ভারতবাসীর কাছে সম্মান ও গর্বের। স্যর, আপনার নেতৃত্বে আমরা বিচ্ছিন্নভাবে নয়, বরং ঐক্যবদ্ধভাবেই উন্নতি করব। এক পৃথিবী, এক বিশ্ব, এক পরিবার।’
এদিকে জন্মদিনে শাহরুখ ছাড়াও নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার, সালমান খান, কমল হাসান, সোনু সুদ, রাজকুমার রাও, হেমা মালিনি-সহ বলিপাড়ার একাধিক তারকা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি