রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে গিয়ে জাল টাকায় প্রতারিত হন বৃদ্ধ রইস উদ্দিন। তার কান্না পুরো দেশের হৃদয় ছুঁয়ে যায়। এই ঘটনা নজরে আসে চিত্রনায়িকা অপুর বিশ্বাসের। নিজ খরচে তিনি রইস উদ্দিনকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করার ব্যবস্থা করেন।
এবার ওমরাহ করে ফিরে আসা রইস উদ্দিনের গ্রামের বাড়িতে আজ গেছেন অপু বিশ্বাস। মঙ্গলবার (১৯ আগস্ট) অপু তার ফেসবুক লাইভে এই মুহূর্তের ছবি শেয়ার করেন। লাইভে দেখা যায়, অপু রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করছেন। সঙ্গে ছিলেন আরও কয়েকজন।
রইস উদ্দিনও অপুকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বাড়িতে প্রবেশ করান। আশেপাশের মানুষজনও অপু বিশ্বাসকে দেখতে ভিড় জমান।
লাইভের ক্যাপশনে অপু লিখেছেন, ‘রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।’ লাইভে ভক্তরা মন্তব্য করেছেন, কেউ লিখেছেন, ‘ভালোবাসার মানুষ।’ কেউ লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। ভালো থাকুন।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।’ একজন ভক্ত দোয়া চেয়েছেন, ‘মাশাল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় অপু বিশ্বাসের জীবনের সব অশান্তি ও বিপদ দূর করুন। আমিন।’
রইস উদ্দিন কোরবানি ঈদে আলোচনায় উঠে আসেন। নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের এই বৃদ্ধ উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে গরু বিক্রি করতে আসেন। কিন্তু এক প্রতারক ক্রেতার কাছে ১ লাখ ২৩ হাজার টাকা নিলেও এর মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই জাল। প্রতারণার পর হতাশায় কেঁদে উঠে রইস উদ্দিন। এই মর্মান্তিক ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
ঘটনার পরে পাশে দাঁড়ায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন, একটি হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন। ফাউন্ডেশন নিশ্চিত করে জানায়, প্রথম ধাপে রইস উদ্দিনকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। পরবর্তীতে আরও বিভিন্ন মাধ্যমে সহায়তা পৌঁছে। এই মানবিক উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন অপু বিশ্বাস।
ফাউন্ডেশনের উদ্যোগ ও অপুর আর্থিক সহযোগিতায় ২৫ জুলাই রইস উদ্দিন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওয়ানা হন।
