ঢাকার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদানের মামলাটি চলতে বাধা নেই। বৃহস্পতিবার ঢাকার ৯ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সজ্জাদুর রহমান খান রিভিশন মামলা খারিজ করে এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল মোমেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে পরীমনির পক্ষে রিভিশন দায়ের করা হয়েছিল। শুনানি শেষে আদালত রিভিশন খারিজ করায়, মামলার বিচার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে অব্যাহত থাকবে।
মামলার বিবরণে জানা যায়, ২৬ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন ২৭ জানুয়ারি, পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
মামলাটি করা হয়েছিল ২০২২ সালের ৬ জুলাই, ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাছির উদ্দিন মাহমুদ আদালতে অভিযোগ দাখিল করেন। পরে ১৮ এপ্রিল, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত পরীমনিকে হাজির হওয়ার সমন জারি করে।
পরীমনি ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। ২০২৩ সালের ১৮ মার্চ, তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে অভিযুক্ত করা হয়েছে। তবে ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি।
