ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর আর নেই। বুধবার (১৫ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘মহাভারত’-খ্যাত এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

একটি সূত্র সংবাদমাধ্যমকে জানান,

“দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন পঙ্কজ ধীর। শুরুর দিকে ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী হলেও কয়েক মাস আগে ক্যানসার আবার ফিরে আসে। তার শারীরিক অবস্থা তখন খুবই খারাপ হয়ে যায়। বড় একটি অস্ত্রোপচারও হয়েছিল।”

টেলিভিশন এবং চলচ্চিত্র উভয় ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় ছিলেন পঙ্কজ। তার অভিনয়, কণ্ঠস্বর সবসময় দর্শকদের মুগ্ধ করেছে। ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ পক্ষ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টায় মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

পঙ্কজ ধীর ‘মহাভারত’-এ কর্ণ চরিত্রে অভিনয় করে বিশাল খ্যাতি অর্জন করেছিলেন। এরপর চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও অসংখ্য সিনেমায় নজরকাড়া অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সনম বেওয়াফা’, ‘বাদশা’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’, ‘আন্দাজ’, ‘জমিন’, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’।

পঙ্কজ ধীরের ছেলে নিকেতন ধীরও ইন্ডাস্ট্রির একজন সুপরিচিত অভিনেতা।

 

Walton Ads